India A Team: অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ‘এ’ দলে বাংলার ৩, সুযোগ পেলেন ঈশান কিষাণও
আগামী মাসে ভারতীয় সিনিয়র দল যাবে অস্ট্রেলিয়া সফরে সেখানে, পাঁচ ম্যাচের বর্ডার গাভাসকর ট্রফি খেলবেন রোহিত-বিরাটরা, তার আগেই ভারতীয় এ দল উড়ে যাচ্ছে অস্ট্রেলিয়া সফরে। অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত হয়ে গেল ভারতীয় এ দলের ক্রিকেটারদের নাম। সোমবার রাতে বিসিসিআইয়ের পক্ষ থেকে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় এ দলের নির্বাচিত ক্রিকেটারদের নাম ঘোষণা করে দেওয়া হল।
বাংলা থেকে এই দলে আছে তিনজন ক্রিকেটার। অভিমুন্য ঈশ্বরণ, মুকেশ কুমার এবং অভিষেক পোরেল এই তিনজন ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। ভারতীয় এ দলে সুযোগ পেলেন ঈশান কিষাণও। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরেই ঈশানকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, শৃঙ্খলাজনিত ইস্যুতে দল থেকে এবং তারপরে বোর্ডের বার্ষিক চুক্তির তালিকা থেকেও বাদ যান ঈশান। তারপর থেকে ভারতীয় মূল দল বা এ দলেও তাঁকে বিবেচনা করা হয়নি।

আগামী ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত হবে প্রথম ম্যাচ। ৭ থেকে ১০ নভেম্বর হবে দ্বিতীয় ম্যাচ। এর পরে রোহিত-বিরাট সমৃদ্ধ মূল দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় এ দল। ফলে অস্ট্রেলিয়ার কোনও দলের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার প্রস্তুতি ম্যাচ থাকছে না। আগামী ১৫ থেকে ১৭ নভেম্বর পারথে সেই ম্যাচ হবে।
আগামী ২২ নভেম্বর থেকে পারথে শুরু হচ্ছে বর্ডার গাভাসকর ট্রফি। পাঁচ ম্যাচের এই সিরিজে টিম ইন্ডিয়ায় কারা থাকবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে। মনে করা হচ্ছে এই সিরিজে তৃতীয় একজন ওপেনারকে রাখা হতে পারে, এই ক্ষেত্রে লড়াই মূলত ঋতুরাজ এবং ঈশ্বরণের মধ্যেই হবে। হয়ত ভারতীয় এ দলের প্রথম ম্যাচের পরই অস্ট্রেলিয়া সফরের জন্য সিনিয়র দল ঘোষণা করতে পারেন নির্বাচকরা। তখন নিউজিল্যান্ড সিরিজও শেষ হয়ে যাবে।
ভারতীয় এ দল- ঋতুরাজ গাইকোয়াড়, অভিমন্যু ঈশ্বরণ, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, দেবদত্ত পাড্ডিকল, রিকি ভুঁই, বাবা ইন্দ্রজিৎ, ঈশান কিষাণ , অভিষেক পোরেল, মুকেশ কুমার, খলিল আহমেদ, যশ দয়াল, নভদীপ সাইনি, মানব সুতার, তানুশ কোটিয়ান।












Click it and Unblock the Notifications