India A vs Australia A: ১০৭ রান! ব্যাটিং বিপর্যয়ে ভারতীয় এ দল, ধাক্কা খেল অস্ট্রেলিয়ার টেস্ট নিয়ে পরিকল্পনাও
India A vs Australia A: আগামী মাসেই অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। তার আগে নিয়মমতোই ভারতীয় এ দলকে পাঠানো হয়েছে অস্ট্রেলিয়া সফরে।
ভারতের টেস্ট দলে থাকা কয়েকজন ক্রিকেটারও এই দলে রয়েছেন। তবে শুরুটা মোটেই প্রত্যাশিত হলো না। ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারত কোনওরকমে একশো পার করতে পারল প্রথম ইনিংসে।

ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্য়ারেনায় টস জিতে ভারতীয় এ দলকে ব্য়াট করতে পাঠান অস্ট্রেলিয়া এ দলের অধিনায়ক নাথান ম্যাকসুইনি। দ্বিতীয় ওভারেই দলের স্কোরবোর্ডে কোনও রান না ওঠার আগে প্যাভিলিয়নে ফেরেন ঋতুরাজ গায়কোয়াড়। জর্ডন বাকিংহামের বলে গোল্ডেন ডাক সঙ্গী করে।
অভিমন্যু ঈশ্বরণ ৩০ বলে ৭, সাই সুদর্শন ৩৫ বলে ২১, দেবদত্ত পাড়িক্কল ৭৭ বলে ৩৬ ও নভদীপ সাইনি ৪৩ বলে ২৩ রান করেন। চূড়ান্ত ব্যর্থ বাবা ইন্দ্রজিৎ (৪৬ বলে ৯), ঈশান কিষাণ (১১ বলে ৪), নীতীশ কুমার রেড্ডি (৬ বলে ০), মানব সুথার (২২ বলে ১), প্রসিদ্ধ কৃষ্ণ (৬ বলে ০)। মুকেশ কুমার অপরাজিত থাকেন ১০ বলে ৪ রানে।
ভারত ৪৭.৪ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায়। উল্লেখ্য, ৭১ রানে চতুর্থ ও ৭৭ রানে পঞ্চম উইকেট পড়েছিল। ব্রেন্ডন ডগেট ৬টি মেডেন-সহ ১১ ওভারে ১৫ রান খরচ করে ছয় উইকেট নিলেন। ১৮ রানের বিনিময়ে ২ উইকেট নেন বাকিংহাম। ফার্গাস ও'নিল নেন ১টি উইকেট।
অস্ট্রেলিয়ার পরিকল্পনাও ধাক্কা খেল। স্যাম কনস্টাসকে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ওপেনার হিসেবে খেলানোর ছক রয়েছে অজি নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের। তাঁর কাছে গুরুত্বপূর্ণ ভারতীয় এ দলের বিরুদ্ধে আনঅফিসিয়াল টেস্টের চলতি সিরিজ। কনস্টাস প্রতিভাবান হলেও অনভিজ্ঞতা নিয়ে অনেকেরই চিন্তা রয়েছে। এদিন তিনি মাত্র তিন বল খেলে মুকেশ কুমারের বলে কট বিহাইন্ড হলেন। কোনও রান করতে পারেননি।
তিনে নামা ক্যামেরন ব্যানক্রফট (১৪ বলে ০) এবং ওপেনার মার্কাস হ্যারিস (২৯ বলে ১৭) প্রত্যাশা পূরণে ব্যর্থ। এই দুজনেই প্রসিদ্ধ কৃষ্ণর শিকার। ২৬ রানের মধ্যে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া এ দল। ব্যানক্রফট ও কনস্টাস কট বিহাইন্ড হন, ক্যাচ ধরেন উইকেটকিপার ঈশান কিষাণ।
এদিকে, অভিমন্যু ঈশ্বরণের শততম প্রথম শ্রেণির ম্যাচ খেলার কথা ছিল বাংলা বনাম বিহার দ্বৈরথে। কল্যাণীতে বৃষ্টি ও ভিজে আউটফিল্ডের কারণে সেই ম্যাচ ভেস্তে গিয়েছিল। তার আগেই ঈশ্বরণকে সংবর্ধনা দিয়েছিল সিএবি। অভিমন্যু কেরিয়ারের শততম প্রথম শ্রেণির ম্যাচটি খেলছেন অস্ট্রেলিয়ায়। তবে প্রথম ইনিংসে সঙ্গী হলো ব্যর্থতা।












Click it and Unblock the Notifications