ওয়েস্ট ইন্ডিজ এ-কে দ্বিতীয় টেস্টে হারিয়ে সিরিজ জিতল ভারত এ
ওয়েস্ট ইন্ডিজ এ-কে দ্বিতীয় টেস্টে হারিয়ে সিরিজ জিতল ভারত এ
প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও ওয়েস্ট ইন্ডিজ এ-র বিরুদ্ধে দ্বিতীয় চার দিনের টেস্টে দুর্দান্ত জয় পেল ভারত এ। দুর্দান্ত অল রাউন্ড পারফরম্যান্সের মাধ্য়মে সাত উইকেটে এই টেস্ট জিতে সিরিজও পকেটে পুরে নেন মায়াঙ্ক আগরওয়াল, প্রিয়ঙ্ক পাঞ্চাল ও অভিমন্যু ইশ্বরণরা।

ত্রিনিদাদের পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ এ। প্রথম ইনিংসে ৩১৮ রান তুলতে সক্ষম হন ক্রেইগ ব্রাথওয়েটরা। জবাবে ব্যাট করতে নামা ভারতীয় দল প্রথম ইনিংসে বিপর্যয়ের মুখে পড়ে। অধিনায়ক হনুমা বিহারী, অভিমন্যু ইশ্বরণ ও আনমোলপ্রীত সিং শূণ্য রানে আউট হন। ওপেনার প্রিয়ঙ্ক পাঞ্চালের ৫৮ ও শিবম দুবের ৭৮ রানের সুবাদে টেনেটুনে ১৯০-তে পৌঁছয় ভারত এ।
তবে দ্বিতীয় ইনিংসে জ্বলে ওঠেন ভারতীয় বোলাররা। পাঁচ উইকেট নেন কৃষ্ণাপ্পা গৌতম। তিন উইকেট নেন সন্দীপ ওয়ারিয়র। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ এ দলের ইনিংস।
দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত এ দলের শুরুটা দারুন করেন ওপেনার প্রিয়ঙ্ক পাঞ্চাল ও মায়াঙ্ক আগরওয়াল। প্রথম জন করেন ১২২ বলে ৬৮ রান এবং দ্বিতীয় জন ১৩৩ বলে ৮১ রান করে আউট হন। তিন নম্বরে নামা বাংলার অভিমন্যু ইশ্বরণ ১৩২ বলে ৬২ রান করে নট আউট থাকেন। ৭৯.১ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ভারত এ।












Click it and Unblock the Notifications