জোড়া শতরানে ওয়েস্ট ইন্ডিজের মরিয়া প্রতিরোধ, তবু দিল্লিতে সিরিজ হোয়াইটওয়াশ থেকে ৫৮ রান দূরে ভারত
জোড়া শতরানে ওয়েস্ট ইন্ডিজ দিল্লি টেস্ট পঞ্চম দিনে নিয়ে যেতে পারল। ভারতের ইনিংস জয়ও রুখে দিল। তবে দিল্লি টেস্ট জিতে সিরিজ হোয়াইটওয়াশ নিশ্চিত করতে ভারতের দরকার আর ৫৮ রান।
জয়ের জন্য ১২১ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ১৮ ওভারে ১ উইকেটে ৬৩ রান।

যশস্বী জয়সওয়াল দ্বিতীয় ওভারের তৃতীয় বলে জোমেল ওয়ারিকানের শিকার হন। তিনি ৭ বলে ৮ রান করে আউট হলে ভারতের ওপেনিং জুটি ভাঙে ৯ রানে। লোকেশ রাহুল ৫৪ বলে ২৫ (২টি চার) এবং বি সাই সুদর্শন ৪৭ বলে ৩০ রানে (৫টি চার) অপরাজিত আছেন।
ভারত প্রথম ইনিংসে পাঁচ উইকেটে ৫১৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ারের পর ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে তোলে ২৪৮। এরপর ফলো অন করানোর সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। তৃতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৪৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে।
রস্টন চেজের দলের দ্বিতীয় ইনিংস আজ শেষ হয় ১১৮.৫ ওভারে ৩৯০ রানে। জন ক্যাম্পবেল ১৯৯ বলে ১১৫ ও শেই হোপ ২১৪ বলে ১০৩ রান করেন। হোপ সিরাজের বলে বোল্ড হন দলের ২৭১ রানের মাথায়। তেভিন ইমলাচ করেন ১২। তিনি আউট হলে ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম উইকেট পড়ে ২৯৩ রানে। সেখান থেকে ধস নেমে ওয়েস্ট ইন্ডিজের স্কোর একটা সময় ছিল ৯ উইকেটে ৩১১।
৯২তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে অধিনায়ক রস্টন চেজ (৭২ বলে ৪০) ও খারি পিয়ের (২ বলে ০) আউট করে জোড়া ধাক্কা দেন কুলদীপ যাদব। যদিও ভারতের সামনে শতাধিক রানের টার্গেট খাড়া করায় অবদান রাখে দশম উইকেট জুটি। শেষ উইকেট জুটিতে ৭৯ রান যোগ করেন জাস্টিন গ্রিভস ও জেডেন সিলস।
গ্রিভস ৮৫ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। সিলস করেন ৬৭ বলে ৩২। এই জুটি ভাঙেন জসপ্রীত বুমরাহ। তিনি পাঁচটি মেডেন-সহ ১৭.৫ ওভারে ৪৪ রান খরচ করে তিনটি উইকেট নিলেন। কুলদীপ যাদবের বোলিং ফিগার ২৯ ওভারে ৪ মেডেন, ১০৪ রান দিয়ে তিন উইকেট। মহম্মদ সিরাজ দুটি এবং ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications