IND-W vs SA-W: ভারতের রেকর্ড রান, দ্বিতীয় দিনের শেষে লড়াইয়ে থাকল প্রোটিয়া মহিলা ব্রিগেডও
জমে উঠেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা মহিলা দলের মধ্যে টেস্ট ম্যাচ। চেন্নাইতে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। ভারতের রেকর্ড ৬০৩ রানের জবাবে লড়াইয়ে আছে প্রোটিয়ারাও।
প্রথম দিনে উঠেছিল ৫২৫ রান। দ্বিতীয় দিনের শুরুতেই টেস্ট ক্রিকেটে নয়া মাইলস্টোন গড়ল ভারতীয় মহিলা দল। ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান, একদিনে সর্বোচ্চ রান করার পর এবার ভারতীয় মহিলা দল এক ইনিংসেও সর্বোচ্চ রান করার রেকর্ডটিও নিজেদের দখলে নিয়ে নিল। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ৫১ রান স্কোর বোর্ডে যোগ করতেই নয়া রেকর্ডের অধিকারী হল ভারত।

রিচা ঘোষ এবং হরমনপ্রীত কৌরের জুটিতে ভারত ৬০০ রানের গণ্ডি পেরিয়ে যায়। শেষ পর্যন্ত ৬০৩ রান করার পর ইনিংস ডিক্লিয়ার করে দেয় ভারত। রিচা ৮৬ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় দিনের শুরুতেও আগ্রাসী মেজাজেই ব্যাট করেন ভারতীয়রা। জেমাইমা রডরিগেজ, হরমনপ্রীত কউর, রিচা ঘোষ-সকলেই হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।
ভারতের ৬০৩ রান তোলার নেপথ্যে অবশ্যই শেফালি এবং স্মৃতি মান্ধানা। শেফালি ২০৫ রান করেন। স্মৃতি করেন ১৪৯ রান। তাঁরা ২৯২ রানের জুটি গড়েন। শেফালি এবং স্মৃতি আউট হয়ে ফিরলেও জেমাইমা রদ্রিগেজ ৫৫ এবং হরমনপ্রীত ৬৯ রান করেন। সঙ্গে অবশ্যই রিচা ঘোষের অপরাজিত ৮৬ রান। এরআগে ওপেন করতে নেমে ২৯২ রান করেন স্মৃতি-শেফালি জুটি। এটাই মহিলাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের পার্টনারশিপ। ডবল সেঞ্চুরি করেন শেফালি।
জবাবে ব্যাট করতে নেমে ৩৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় প্রোটিয়া মহিলা দল। ২০ রান করে স্নেহ রানার বলে আউট হলেন লরা উলভার্ট। এরপর আনিকে বোচ এবং সুনে লুস দলের রানকে কিছুটা এগিয়ে নিয়ে যান। ৯৯ রানে দ্বিতীয় উইকেটের পতন হয়। আনিকে ৩৯ রান করে রানার বলেই আউট হলেন।
এরপর লম্বা ইনিংস খেললেন সুনে এবং মারিজান কাপ। সুনে ১৬৪ বলে ৬৫ রান করে দীপ্তি শর্মার বলে আউট হলেন। রানের খাতা খোলার আগেই রানা-রিচার যুগলবন্দিতে ০ রানে আউট হলেন ডেলমি। দিনের শেষে কাপ ৬৯ এবং ডে ক্লের্ক ২৭ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় দিনের শেষে প্রোটিয়াদের রান ৪ উইকেটে ২৩৬।
ভারতের হয়ে স্নেহ রানা ৩টি এবং দীপ্তি শর্মা ১টি উইকেট নিয়েছেন। তৃতীয় দিনের সকালে দ্রুত প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামানোই লক্ষ্য থাকবে ভারতের। কারণ ভারত চাইবে ইনিংসে ম্যাচটি জিততে।












Click it and Unblock the Notifications