IND-W vs NZ-W: দ্বিতীয় ম্যাচেই ধাক্কা হরমনপ্রীতদের, ওডিআই সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড
প্রথম ম্যাচে জয়ের পরই নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেই ধাক্কা খেল ভারতীয় মহিলা দল। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দ্বিতীয় একদিনের ম্যাচে ৭৬ রানে জিতে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ডের মহিলাচ দল। তিন ম্যাচের সিরিজের ফল আপাতত ১-১।
রবিবার দ্বিতীয় ওডিআইতে এ দিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইন। চোটের জন্য প্রথম ম্যাচে খেলতে না পারেলও রবিবার দ্বিতীয় ম্যাচে দলে ফিরলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথম ম্যাচে অভিষেক হয়েছিল সাইমা ঠাকোর ও তেজল হাসনবিসের। দ্বিতীয় একদিনের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল প্রিয়া মিশ্রর।

ব্যাট করতে নেমে শুরু থেকেই জমাট ইনিংস খেলতে শুরু করেন দুই কিউয়ি ওপেনার সুজি বেটস এবং জর্জিয়া প্লিমার। ওপেনিং জুটিতে উঠে ৮৭ রান। দীপ্তি শর্মার বলে আউট হন প্লিমার ৪১ রানে আউট হন। অধিনায়ক সোফি ডিভাইন ৭৯ রানে অপরাজিত থাকেন। বেটস করেন ৫৮ রান। বাকি কিউয়ি ব্যাটাররা সেভাবে রান পাননি।
নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৯ রান তোলে নিউজিল্যান্ড। বাঁ হাতি স্পিনার রাধা যাদব ৪ উইকেট নিলেও প্রচুর রান দিয়েছেন। দীপ্তি শর্মা ১০ ওভারে ৩টি মেডেন সহ ৩০ রান দিয়ে ২ উইকেট নেন। রাধা যাদব দুরন্ত একটা ক্যাচ নিয়ে সকলের নজর কাড়েন।
জবাবে ব্যাট করতে নেমে ৪৭.১ ওভারে ১৮৩ রানেই গুটিয়ে গেল ভারতীয় মহিলা দলের ইনিংস। স্মৃতি মান্ধানা ০ রানে আউট হলেন। চোট কাটিয়ে ফেরা হরমনপ্রীতের সংগ্রহ ২৪ রান। ভারতের কোনও ব্যাটারই ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না। রাধা যাদব ৪৮ রান করেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের সব ম্যাচই আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে একেবারেই প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি ভারতীয় দল। এবার ভারতীয় মহিলা দলের ফোকাসে একদিনের বিশ্বকাপ। আগামী বছর ভারতের মাটিতে মহিলাদের একদিনের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। নিউজিল্যান্ড সিরিজ দিয়েই একদিনের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে ভারতীয় মহিলা দলের।












Click it and Unblock the Notifications