IND-W vs ENG-W:টি২০-তে হারের মধুর প্রতিশোধ, দীপ্তির কীর্তিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃপ্তির জয় ভারতের
ইংল্যান্ডের কাছে টি২০ সিরিজের হারের মধুর প্রতিশোধ টেস্ট সিরিজে নিল ভারতীয় মহিলা দল। ইংল্যান্ড মহিলা দলের বিরুদ্ধে একমাত্র টেস্টে বিরাট জয় পেল হরমনপ্রীত ব্রিগেড। তৃতীয় দিনেই জয় হাসিল করল ভারত। ইংল্যান্ডকে ৩৪৭ রানে হারিয়ে দিয়ে এক ম্যাচের সিরিজ অনায়াসে জয় পেল ভারতীয় মহিলা দল। দ্বিতীয় ইনিংসেও বল হাতে কামাল করলেন বাংলার দীপ্তি শর্মা।
জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল ৪৭৮ রান, হাতে ছিল মাত্র ৪ উইকেট। ফলে জয় ছিল ভারতীয় দলের কাছে সময়ের অপেক্ষা। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই সেই কাজটা সফলভাবেই করলেন ভারতীয় বোলাররা। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হল ১৩১ রানে। এই ইনিংসে দীপ্তি শর্মা চারটি এবং পূজা বস্ত্রকার তিনটি উইকেট নেন। দুটি উইকেট নেন রাজেশ্বরী একটি উইকেট পান রেণুকা।

দিনের শুরুতেই শোফিয়াকে আউট করেন রাজেশ্বরী, এরপর বল হাতে জ্বলে উঠলেন দীপ্তি শর্মা, এদিনও জোড়া উইকেট নেন বাংলা দলের মহিলা এই বোলার। ফঢ়ে ৩৪৭ রানে বিরাট জয় পেয়েই মাঠ ছাড়ে ভারত। ব্যাট হাতে ৬৭ রান করার পর দুই ইনিংস মিলিয়ে দীপ্তির সংগ্রহ ৯ উইকেট। ফলে ম্যাচের সেরাও তিনি।
ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১০৪.৩ ওভারে ৪২৮ রানে। দীপ্তি শর্মা ১১৩ বলে ৬৭, স্নেহ রানা ৩০ রান করেন। ভারতের চার ব্যাটার অর্ধশতরান করেন। লরেন বেল ও সোফি এক্লেস্টোন তিনটি করে উইকেট দখল করেছেন। জবাবে খেলতে নেমে ইংল্যান্ডের মহিলা দলের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩৫.৩ ওভারে ১৩৬ রানে। বাংলার দীপ্তি শর্মার ৫.৩ ওভারে ৪টি মেডেন, সাত রান খরচ করে তিনি পাঁচ উইকেট নিয়েছেন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৮৬ রান তুলেই ডিক্লিয়ার করে দেয় ভারত। ফলে বিরাট রানের লক্ষ্যমাত্রা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। কিন্তু হার এড়াতে পারল না ব্রি্টিশ মহিলা ব্রিগেড।
এই ম্যাচে শুধু জয়ই পেল না ভারত, একইসঙ্গে একটি রেকর্ডও গড়লেন হরমনপ্রীত কৌররা। ইংল্যান্ডেক ৩৪৭ রানে হারিয়ে মহিলাদের টেস্টের ইতিহাসে সর্বাধিক রানে জয় পাওয়ার নজির সৃষ্টি করলেন দীপ্তি শর্মারা। ২৫ বছর আগে শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে জিতেছিল ৩০৯ রানে। মহিলাদের ক্রিকেটে সেটাই এত দিন ছিল টেস্টে সব থেকে বড় জয়। শনিবার ভারত জিতল ৩৪৭ রানে। মহিলাদের ক্রিকেটে রানের ব্যবধানে সব থেকে বড় টেস্ট জয়।
ইংল্যান্ডকে হারানোর পর এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একমাত্র টেস্টে মুখোমুখি হবে ভারত। আগামী ২১ ডিসেম্বর থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে এই ম্যাচ।












Click it and Unblock the Notifications