হেলায় হোয়াইটওয়াশ, মুখে আঙুল দিয়ে চুপ করার নির্দেশ দিলেন বিরাট-বুমরাহ! কিন্তু কেন?
হেলায় হোয়াইটওয়াশ, মুখে আঙুল দিয়ে চুপ করার নির্দেশ দিলেন বিরাট-বুমরাহ! কিন্তু কেন?
জুটিতে লুটি। ব্যাটে বিরাট আর বলে বুমরাহ! এই হল এখন ভারতের উইনিং জুটি। বাকিরা কম যান না, প্রত্যেকই ফর্মে রয়েছেন, তবে এই দুই ক্রিকেটার বাইশ গজে জ্বলে ওঠা মানে বিপক্ষের সামনে কঠিন পরীক্ষা।

যেমনটা দেখা গেল ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে। ক্যারিবিয়ান সফরে দুই টেস্ট মিলিয়ে বুমরাহ নিয়েছেন ১৩টি উইকেট। প্রথম টেস্টে ৬ ও দ্বিতীয় টেস্টে ৭। তার চেয়েও বড়ো কথা দুই টেস্টেই ইনিংসে পাঁচটি করে উইকেট শিকার রয়েছে।
আর বিরাট! ওডিআই সিরিজে জোড়া শতরান এলেও টেস্টে সেই দৃশ্য দেখা গেল না। কিন্তু ব্যাটে রান পেয়েছেন। সিরিজে দুটি অর্ধশতরান রয়েছে(৫১, ৭৬ রান)। ম্যাচের শেষ দিন একটি দুরন্ত রান আউট। সেই সঙ্গে আগ্রাসন! সতীর্থ রাহানের সেঞ্চুরি বা ইশান্তের হাফ সেঞ্চুরিতে ড্রেসিংরুম থেকে কোহলির সিংহগর্জনের রূপের দেখা মিলেছে।
শেষ দিনে আবার সেলিব্রেশনে চমক দিলেন। ম্যাচের চতুর্থ দিনে ডোয়েন ব্র্যাভোর পরিবর্তে মাঠে নামা ব্ল্যাকউডকে ৩৮ রানের মাথায় পন্থের হাতে বন্দি করিয়ে উইকেট তুলে নেন বুমরাহ। আর এরপরই বিরাট-বুমরাহের স্পেশাল সেলিব্রেশন। গ্যালারির দিকে তাকিয়ে মুখে আঙুল দিতে বললেন! এখানেও গর্জন! ঘুরিয়ে সমালোচকদের যেন চুপ করে টেস্টের এক নম্বর দলের খেলা উপভোগ করার বার্তা দিলেন কোহলি।












Click it and Unblock the Notifications