IND vs SA World Cup 2023: ইডেনেই ৪৯ কোহলির, জন্মদিনে রিটার্ন গিফট দিলেন বিরাট, গড়লেন একাধিক রেকর্ড
মঞ্চ প্রস্তুতই ছিল। সেই মঞ্চে নায়ক নয় মহানায়ক হলেন কিং কোহলি। শতরান করে নিজের ৩৫তম জন্মদিনটাকে স্মরণীয় করে রাখলেন বিরাট কোহলি। সকাল থেকে ইডেন সহ গোটা কলকাতা মেতেছিল বিরাট উৎসবে। ভক্তদের পাল্টা উপহার থেকে বঞ্চিত করলেন না রাজা।
জন্মদিনে ইডেনের দর্শকদের রিটার্ন গিফট দিলেন কোহলি। প্রথমে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরি করেন বিরাট। এরপর শতরান করে ছুঁয়ে ফেললেন সচিনের অনন্য কীর্তি। একদিনের ক্রিকেটে সচিনের মতোই বিরাটের নামের পাশেও ৪৯টি শতরান। ইতিহাসের ইডেনে নতুন মাইলস্টোন সৃষ্টি করলেন কিং কোহলি। ১১৯ বলে শতরান করলেন বিরাট। ১০১ রানে অপরাজিত থাকার মধ্য দিয়ে ২০২৩ সালের বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ২ নম্বরে চলে এলেন। কোহলির বর্তমানে মোট রান ৫৪৩। সামনে রয়েছেন শুধুই ডি কক।

ইডেন যেন এই মুূহুর্তটার জন্য অপেক্ষা করেছিল। শতরান করার সঙ্গে সঙ্গেই ইডেন জুড়ে হ্যাপি বার্থ ডে স্লোগান। ২৭৭টি ইনিংসেই করে ফেললেন ৪৯তম শতরান। সচিন করেছিলেন ৪৫২ ইনিংসে। এই প্রথমবার বিশ্বকাপে একাধিক শতরান করলেন কোহলি। সেইসঙ্গে ভারতের মাটিতে একদিনের ক্রিকেটে ৬ হাজার রান পূর্ণ করলেন কোহলি। ২০০৯ সালে ইডেনেই কেরিয়ারে প্রথম একদিনের ম্যাচে সেঞ্চুরি করেন বিরাট।
এই ম্যাচে আরও একটি রেকর্ড গড়লেন কোহলি। এই ম্যাচে কুমার সাঙ্গাকার রেকর্ড ভাঙলেন বিরাট। বিশ্বকাপে ১৫৩২ রান ছিল শ্রীলঙ্কান প্রাক্তনীর। সেই রেকর্ড ভাঙলেন কোহলি।বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় ৩ নম্বরে উঠে এলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর সামনে এখন শুধু সচিন এবং পন্টিং।
রবিবার ইডেনে রেকর্ড বুকে একের পর এক অধ্যায় যোগ করলেন কিং কোহলি। সেইসঙ্গে বিশ্বকাপের একটি সংস্করনে প্রথমবার ৫০০ রান পূর্ণ করলেন কিং কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০০ রান করার নজিরও গড়লেন ইডেনে। প্রথম ভারতীয় হিসাবে জন্মদিনে শতরান করলেন কোহলি। বন্ধুর রেকর্ডের সাক্ষী থাকলেন এবিডিও। কোহলিকে শুভেচ্ছাও জানালেন।
WHAT A FRAME...!!!
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 5, 2023
KING KOHLI WITH NO.49. pic.twitter.com/mxJFjQ1Gdn
এরআগে দুইবার শতরানের খুব কাছে গিয়েও তা অধরাই থাকে কোহলির। কিন্তু রবিবার মাথা ঠান্ডা রেখে ধীর স্থির ভাবেই মাইলস্টোন তৈরি করলেন কোহলি। বিশ্বকাপের মঞ্চে তাও আবার জন্মদিনেই সচিনের ৪৯তম শতরানের নজির স্পর্শ করলেন। জন্মদিনটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে কোহলির জন্য।
ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে সাক্ষাতকারে জন্মদিনে শতরান সম্পর্কে বলেন, 'ইডেনে এত দর্শকের সামনে শতরান করতে পেরে খুবই ভালো লাগছে। অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষ বাচ্চারাও এসেছে তাঁদের শুভেচ্ছা নিয়ে। তবে দলের জন্য কিছু করতে পেরে বা অবদান রাখতে পেরে আরও ভালো লাগছে।'
একটা সময় পর পর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকেই উদ্ধার কর্তা হন বিরাট এবং শ্রেয়স। এই প্রসঙ্গে কোহলি বলেন, 'রোহিত এবং গিল শুরুটা খুবই ভালো করে। কিন্তু ওরা আউট হয়ে যাওয়ায় কিছুটা চাপ বাড়ে। আমাদের ভূমিকাটা পাল্টে যায়। আমাদের লক্ষ্য ছিল বড় পার্টনারশিপ তৈরি করা। তবে ৩২৬ রান হবে ভাবিনি। শেষ দিকে দ্রুত রান উঠায় এটা হল।'
কোহলিকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল সাইটে পোস্ট করেন সচিনও। তাঁর কীর্তি স্পর্শ করার জন্য অভিনন্দন জানিয়ে বলেন, 'আমি আশা করব আগামী কয়েকদিনের মধ্যেই ৪৯ সংখ্যাটা ৫০ হয়ে যাবে।’












Click it and Unblock the Notifications