IND vs SA World Cup 2023: বিরাট উৎসবের প্রহর গোনা শুরু, জেনে নিন কোহলির জন্মদিন নিয়ে সিএবির পরিকল্পনা
খাতায় কলমে রবিবার বিশ্বকাপে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। কিন্তু কলকাতা জুড়ে যেন বিরাট উৎসব। শারদীয়ার পর্ব মিটেছে এক সপ্তাহ আগে। দীপাবলি আসতে এখনও বাকি এক সপ্তাহ। মাঝের এই সময়টা ক্রিকেট কার্নিভাল কলকাতা জুড়ে। ইতিমধ্যে দুটি ম্যাচ হয়ে গিয়েছে তবে রবিবার যেন ক্রিকেট উৎসবের অষ্টমী। আর আর্কষণের কেন্দ্রবিন্দুতে একজনই কিং কোহলি।
রোহিত শর্মা ভারতীয় দলের নেতৃত্বে থাকলেও মূল নিউক্লিয়াস বিরাটই। কোহলি যেন হ্যামলিনের বাঁশিওয়ালা। শুক্রবার সন্ধ্যায় কলকাতায় পা দেওয়ার পর থেকেই তাঁকে ঘিরে উন্মাদনা চরমে। শনিবার বিকেলে যখন ইডেনে অনুশীলন করতে এলেন তখন গোষ্ঠপাল সরণী জুড়ে ছিল শুধুই বিরাট গর্জন।

ইয়ান বিশপ দুই দিন আগেই বলেছিলেন, ফুটবলে যেমন রোনাল্ডো, মেসি, ক্রিকেটে তেমনই বিরাট কোহলি! অর্থাত্, স্টারডম-এর দিক থেকে কোহলি কারও থেকে আর পিছিয়ে নন! ম্যাচে নামার আগে কলকাতায় এসে আরও একবার সেটাই যেন প্রমাণ করলেন কিং কোহলি।প্রাক্তন ভারত অধিনায়ক জন্মদিনে থাকবেন কলকাতায়। তাঁকে দেখতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করবে সেটাই তো স্বাভাবিক।
রবিবার তাঁকে ঘিরে কতটা উন্মাদনা তৈরি হবে ৬৫ হাজারের গ্যালারিতে, তার আগাম আন্দাজ পাওয়া গেল শনিবারই। তবে রবিবার বিরাটের জীবনের বড়দিন। কোহলির জন্মদিন। এই দিনটা স্পেশাল করার জন্য উদ্যোগ নিয়েছিল সিএবিI। কিন্তু বিসিসিআইয়ের পক্ষ থেকে অনুমতি না মেলায় তা বাতিল করতে হয়েছে। ফলে বিরাটের জন্য তৈরি করা স্পেশাল মাস্ক দেওয়া হচ্ছে না সমর্থকদের। লেজার শো ও কেক কাটা হবে।
Virat Kohli birthday festival in Kolkata. pic.twitter.com/DlDpZNL2zg
— Johns. (@CricCrazyJohns) November 4, 2023
কিং কোহলির জন্মদিন নিয়ে কী পরিকল্পনা করছে সিএবি? সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন,'আমরা বিসিসিআইয়ের কাছে কোহলির জন্মদিন বিশেষভাবে পালন করার পরিকল্পনা জানিয়ে আবেদন করেছিলাম। কিন্তু বিভিন্ন কারণে বোর্ড তাতে অনুমোদন দেয়নি। তবে কেক কাটা হবে, বিরাটের জন্য বিশেষ কেক বানানো হচ্ছে। সেটা সাজঘরের সামনে লনে করার পরিকল্পনা আছে,একান্ত না হলে তা সাজঘরেই পাঠিয়ে দেওয়া হবে।'
সিএবি সভাপতি আরও উল্লেখ করেছেন, 'আমরা বিরাটকে একটি বিশেষ স্মারক প্রদান করব, তবে সেটা সরাসরি বিরাটের হাতে প্রদান করতে না পারলে সাজঘরে পৌঁছে দেওয়া হবে।' একদিনের ক্রিকেটে ৪৮টি শতরান হয়ে গিয়েছে কোহলির। জন্মদিনেই কি সচিনের কীর্তিকে ছুঁয়ে ফেলবেন বিরাট? প্রত্যাশার পারদ নিয়ে রবিবার ভর্তি থাকবে ৬৫ হাজারের গ্যালারি।












Click it and Unblock the Notifications