IND vs SA T20Is: রোহিত, ম্যাক্সওয়েলদেরও টেক্কা দিলেন সূর্য, হলেন ঈর্ষণীয় বিশ্বরেকর্ডের অধিকারী
IND vs SA T20Is: পরপর দুই বছরে দুটি করে টি ২০ আন্তর্জাতিক শতরান। বিশ্বের আর কেউ এমন নজির স্থাপন করতে পারেননি। জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে বিশ্বের ১ নম্বর টি ২০ ব্যাটার শতরান হাঁকিয়ে গড়লেন একাধিক নজির।
রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েলের পর বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে টি ২০ আন্তর্জাতিক শতরান হাঁকালেন সূর্য। তবে ইনিংসের নিরিখে টেক্কা দিলেন রোহিত ও ম্যাক্সওয়েলকে।

২০১২ থেকে ২০২৩ অবধি ম্যাক্সওয়েল ১০০টি টি ২০ আন্তর্জাতিক খেলে ৯২ ইনিংসে চতুর্থ টি ২০ আন্তর্জাতিক শতরান পেয়েছেন। রোহিত শর্মার ১৪৮ ম্যাচের ১৪০ ইনিংসে রয়েছে চারটি শতরান। ফলে দ্রুততম ব্যাটার হিসেবে চতুর্থ টি ২০ আন্তর্জাতিক শতরানটি ঝুলিতে পুরলেন SKY।
আগামী বছরেই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরানের মালিক হয়ে যেতে পারেন এককভাবেই। জানুয়ারিতে দেশের মাটিতে ভারত তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। তারপর জুনে শুরু টি ২০ বিশ্বকাপ। রোহিত শর্মা ২০০৭ থেকে ২০২২ অবধি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। চলতি বছর একটিও খেলেননি। তবে ফিরতে পারেন বিশ্বকাপে।
রোহিত শর্মা ২০১৫ ও ২০১৭ সালে একটি করে টি ২০ আন্তর্জাতিক শতরান পেয়েছিলেন। ম্যাক্সওয়েল ২০১৬, ২০১৮, ২০১৯ ও ২০২৩ সালে একটি করে টি ২০ আন্তর্জাতিক শতরান করেছেন। রোহিত শর্মার সর্বাধিক শতরানের রেকর্ডে তিনি থাবা বসান গত মাসে গুয়াহাটিতে ভারতের বিরুদ্ধে ম্যাচে। এবার তাঁদের ধরে ফেললেন সূর্য।
রোহিতের টি ২০ আন্তর্জাতিকে তিনটি শতরান দেশের মাটিতে, একটি বিদেশে। ইন্দোর, লখনউ, ধরমশালার পাশাপাশি তিনি ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করেন। ম্যাক্সওয়েলের তিনটি বিদেশে, একটি দেশের মাটিতে। পাল্লেকেলে, বেঙ্গালুরু, গুয়াহাটি ও হোবার্টে।
সূর্যর শতরানগুলি এসেছে নটিংহ্যাম, রাজকোট, মাউন্ট মঙ্গানুই ও জোহানেসবার্গে। অর্থাৎ চারটি দেশে টি ২০ আন্তর্জাতিক শতরান করেছেন সূর্যকুমার। এতদিন তাঁর নামের পাশে ছিল তিনটি টি ২০ আন্তর্জাতিক শতরান। ফলে সূর্য এদিন পিছনে ফেলে দিলেন চেক প্রজাতন্ত্রের সাবাউন দাভিজি, নিউজিল্যান্ডের কলিন মুনরো ও পাকিস্তানের বাবর আজমকে।
এই তিনজনেরই তিনটি করে টি ২০ আন্তর্জাতিক শতরান রয়েছে। সূর্য আজ প্রথম ২৫ বলে ২৭ রান করেছিলেন। তার পরের ৩১টি বলে করেন ৭৩ রান। ক্রিস গেইল, বাবর আজম, মার্টিন গাপটিল, জনসন চার্লসের পর পঞ্চম ব্যাটার হিসেবে প্রোটিয়াদের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিক শতরান করলেন সূর্য।












Click it and Unblock the Notifications