IND vs SA T20Is: ভারতের বিরুদ্ধে নামার আগেই ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা, ছিটকে গেলেন তারকা পেসার
IND vs SA T20Is: ভারতের বিরুদ্ধে ডারবানে রবিবার প্রথম টি ২০ আন্তর্জাতিক খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। তার আগে বড় ধাক্কা খেল প্রোটিয়া-বাহিনী। গোড়ালির চোটের কারণে ছিটকে গেলেন তারকা পেসার লুঙ্গি এনগিডি।
তাঁর চোটের যা পরিস্থিতি তাতে চলতি মাসের শেষে শুরু হতে চলা দুই টেস্টের সিরিজেও অনিশ্চিত হয়ে পড়লেন তিনি।

দক্ষিণ আফ্রিকার দল ঘোষণার পরই জানা গিয়েছিল এনগিডি চোটের কারণে অনিশ্চিত। কিন্তু এবার পাকাপাকিভাবে ছিটকেই গেলেন। ভারতের বিরুদ্ধে দুটি টি ২০ আন্তর্জাতিক খেলে তাঁর একটি চার দিনের ম্যাচ খেলতে নামার কথা ছিল। সেই ম্যাচ শুরু হবে ১৪ ডিসেম্বর। টেস্ট সিরিজের প্রস্তুতি নেওয়ার জন্যই ওই ম্যাচে এনগিডিকে নামানোর পরিকল্পনা ছিল।
সেই ম্য়াচে এনগিডি খেলবেন কিনা তা চূড়ান্ত করবে ক্রিকেট সাউথ আফ্রিকার মেডিক্যাল টিম। এনগিডি ছিটকে যাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন বাঁহাতি সিমার বিউরান হেন্ডরিকস। ১৯টি টি ২০ আন্তর্জাতিক খেললেও হেন্ডরিকস ২০২১ সালের জুলাইয়ের পর আর প্রোটিয়া-বাহিনীতে সুযোগ পাননি।
এনগিডি না থাকায় ভারতীয় দলের পরীক্ষা অনেকটাই সহজ হয়ে গেল। কেন না, টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে কাগিসো রাবাডাকে। লোয়ার ব্যাক স্ট্রেস ফ্র্যাকচারের কারণে ভারতের বিরুদ্ধে তিন ফরম্যাটের সিরিজেই খেলতে পারবেন না আনরিখ নরকিয়া। এবার নেই এনগিডিও। ফলে প্রথম সারির তিন পেসারই বাইরে।
অবশ্য তাতেও দক্ষিণ আফ্রিকার বোলিং শক্তি হেলাফেলার নয় বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, লিজাড উইলিয়ামস, ওটনিয়েল বার্টম্যানের সঙ্গে যুক্ত হলেন হেন্ডরিকস। দলে রয়েছেন অলরাউন্ডার নান্দ্রে বার্গার ও আন্ডিল ফেহলাকওয়াইও।
তবে জানসেন ও কোয়েটজিও প্রথম ২টি টি ২০ ম্যাচ খেলবেন। তারপর তাঁরা টেস্ট সিরিজের আগে লাল বলের ম্যাচ খেলতে চলে যাবেন। ওডিআই সিরিজে প্রথম সারির কোনও পেসারকেই খেলাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজে পেস বোলিংকে নেতৃত্ব দেবেন বার্টম্যান, উইলিয়ামসরা। বার্গারের সঙ্গে থাকছেন উইয়ান মুলডার এবং আনক্যাপড মিহলালি পঙ্গোয়ানা।
সাদা বলের সিরিজের পাশাপাশি টেস্ট সিরিজেও দক্ষিণ আফ্রিকার দলে রয়েছেন অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজ ও তাবরেজ শামসি। দক্ষিণ আফ্রিকার টি ২০ আন্তর্জাতিক দল- এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, ম্যাথু ব্রিটজকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজি (প্রথম ২টি ম্যাচ), ডনোভান ফেরেরা, রিজা হেন্ডরিকস, মার্কো জানসেন (প্রথম ২টি ম্যাচ), হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, বিউরান হেন্ডরিকস, আন্ডিল ফেহলাকওয়াইও, তাবরেজ শামসি, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস।












Click it and Unblock the Notifications