IND vs SA T20Is: বিশ্বের ১ নম্বর বোলার বাইরে! দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের তুঘলকি দল দেখে অবাক গম্ভীর
IND vs SA T20Is: জোহানেসবার্গে আজ সিরিজের তৃতীয় তথা শেষ টি ২০ আন্তর্জাতিক খেলছে ভারত। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। ভারতের একাদশে আজ কোনও পরিবর্তন করা হয়নি।
বিশ্বের ১ নম্বর বোলারকে এই সিরিজে খেলানো হলো না। ভারতীয় টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তেই অবাক প্রাক্তন ভারত অধিনায়ক গৌতম গম্ভীর।

টি ২০ বিশ্বকাপের আগে আর ভারত তিনটি টি ২০ আন্তর্জাতিক খেলার সুযোগ পাবে। তাও দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ ভারতের রবি বিষ্ণোইকে খেলানো উচিত ছিল বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞই। তাঁদেরই একজন গৌতম গম্ভীর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজের সেরাকে চলতি সিরিজে বসিয়ে রাখার যুক্তি মিলছে না।
দক্ষিণ আফ্রিকার মতো ভারতও পারতো ১৭ সদস্যের দলে থাকা ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে। দেখে নিতে পারতো রিজার্ভ বেঞ্চের শক্তি। প্রথম টি ২০ আন্তর্জাতিকে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। আগের ম্যাচে ভারত হেরে গিয়েছে। আজ জিতলে সিরিজে সমতা ফেরাতে পারবে মেন ইন ব্লু।
গৌতম গম্ভীর আজ ভারতের দল দেখে স্টার স্পোর্টসে বলেন, একজন জোরে বোলারকে বসিয়ে রবি বিষ্ণোইকে খেলানো উচিত ছিল। বাঁ-হাতি রিস্ট স্পিনারের সঙ্গে একজন ডান-হাতি রিস্ট স্পিনার সেক্ষেত্রে একাদশে থাকতেন। এতে ভারতীয় বোলিং আরও আক্রমণাত্মক হতে পারতো। কিন্তু ভারত একাদশ অপরিবর্তিত রাখায় আমি কিছুটা হলেও অবাক।
গম্ভীরের কথায়, পাওয়ারপ্লে-তে উইকেট নেওয়ার সবচেয়ে বড় বাজি লেগ স্পিনার। দক্ষিণ আফ্রিকার যা ব্যাটিং লাইন আপ তাতে উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে একজন পেসার মোটেই উপযুক্ত নন। তাও আবার জোহানেসবার্গের মতো কন্ডিশনে। সে কারণেই বিষ্ণোইকে না খেলানো অবাক করছে।
এরপর গম্ভীর মজা করে বলেন, তাহলে কি দলে থাকতে প্লেয়ার অব দ্য সিরিজ না হওয়াই মূল মাপকাঠি? গম্ভীরের কথার রেশ ধরে তখন সঞ্জয় মঞ্জরেকর বলেন, মনে রাখতে হবে গত বছর একদিনের আন্তর্জাতিকে দ্বিশতরান করার ঠিক পরের ম্যাচেই বসিয়ে দেওয়া হয়েছিল ঈশান কিষাণকে।












Click it and Unblock the Notifications