IND vs SA T20Is: সূর্যর শতরান, বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে নজির, প্রোটিয়াদের ২০২ রানের টার্গেট দিল ভারত
IND vs SA T20Is: জোহানেসবার্গে ভারতের মরণ-বাঁচন ম্যাচে অধিনায়কোচিত শতরান হাঁকালেন সূর্যকুমার যাদব। বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে টি ২০ আন্তর্জাতিকে তিনি এদিন পেয়ে গেলেন চতুর্থ শতরান।
টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ভারত ২০ ওভারে ৭ উইকেটে ২০১ রান তুলেছে। শেষ ওভারেই পড়ল তিন উইকেট।

রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েলের চারটি করে শতরান রয়েছে টি ২০ আন্তর্জাতিকে। রোহিত খেলেছেন ১৪৮ ম্যাচ, ম্যাক্সওয়েল ১০০টি। সূর্য আজ খেলছেন ৬০তম টি ২০ আন্তর্জাতিক। চতুর্থ টি ২০ আন্তর্জাতিক শতরান করলেন দ্রুততম হিসেবে, লাগল মাত্র ৫৭ ইনিংস। টি ২০ আন্তর্জাতিকে এখনও তিনি যুগ্ম সর্বাধিক শতরানকারী।
টি ২০ আন্তর্জাতিকে বর্তমানে বিশ্বের ১ নম্বর ব্যাটার সূর্যর চারটি শতরানের পাশাপাশি ১৭টি অর্ধশতরানও রয়েছে। টি ২০ ক্রিকেট কেরিয়ারে এদিন পঞ্চম শতরানটি পেলেন তিনি। ভারত ২.৩ ওভারে ২৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারিয়েছিল। তারপর সূর্ ও যশস্বী জয়সওয়াল মিলে তৃতীয় উইকেট জুটিতে ১১২ রানের পার্টনারশিপ গড়েন।
৩২ বলে অর্ধশতরান পূর্ণ করার পর সূর্য শতরানে পৌঁছে যান ৫৫ বল খেলে। সাতটি চার ও আটটি ছয়ের সাহায্যে। শেষ ওভারের দ্বিতীয় বলে তিনি আউট হন ৫৬ বলে ১০০ রান করে। এরপর দএই ওভারের চতুর্থ বলে রান আউট হন রবীন্দ্র জাদেজা (২ বলে ৪)। ৪ বলে ২ রান করে লিজাড উইলিয়ামসের বলে হিট উইকেট হলেন জিতেশ শর্মা (৪ বলে ৪)।
যশস্বী এদিন টি ২০ আন্তর্জাতিক কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরান পূর্ণ করেন ৩৪ বল খেলে। ৬টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৪১ বলে ৬০ রান করে তিনি তাবরেজ শামসির শিকার হন। এদিনও ব্যর্থ হলেন শুভমান গিল। ৬ বলে ৮ রান করে কেশব মহারাজের বলে লেগ বিফোর হন গিল। পরের বলেই তিলক বর্মার উইকেটটিও তুলে নেন মহারাজ।
তিলক গোল্ডেন ডাক নিয়ে ফিরতেই মাঠে নামেন সূর্য। তাঁর চারটি টি ২০ আন্তর্জাতিকের মধ্যে তিনটিই বিদেশে। গত বছর নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৫ বলে ১১৭ রান করেছিলেন। গত বছরের নভেম্বরে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেন ৫১ বলে অপরাজিত ১১১। তারপর আজ জোহানেসবার্গে শতরান।
চলতি বছর গত জুলাইয়ে রাজকোটে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫১ বলে ১১২ রানে অপরাজিত ছিলেন। ফলে আজ জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শতরান করায় চলতি বছরে তাঁর টি ২০ আন্তর্জাতিকের সেঞ্চুরির সংখ্যা বেড়ে হলো ২। রিঙ্কু সিং এদিন ১০ বলে চার রান করেন। ভারত শেষ ৫ ওভারে ৫৭ রান তুললেও চারটি উইকেট হারিয়েছে।
অর্শদীপ সিং ০ ও মহম্মদ সিরাজ ২ রানে অপরাজিত থাকেন। চার ওভারে ৪৬ রান দিয়ে ২টি উইকেট পেয়েছেন লিজাড উইলিয়ামস। কেশব মহারাজ ২টি উইকেট তুলে নেন ৪ ওভারে মাত্র ২৬ রান খরচ করে। নান্দ্রে বার্গার অভিষেক ম্য়াচে ৪ ওভারে ৩৯ রান দিয়ে ১টি উইকেট দখল করেন। শামসি একটি উইকেট পান ৪ ওভারে ৩৮ রান দিয়ে।












Click it and Unblock the Notifications