IND vs SA: টেস্ট কেরিয়ার বাঁচাতে মরিয়া লোকেশ রাহুল, দক্ষিণ আফ্রিকায় পৌঁছেই নিলেন কোন বড় সিদ্ধান্ত?
IND vs SA: জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে কাল শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের আন্তর্জাতিক সিরিজ। তারপর রয়েছে দুই টেস্টের সিরিজ। দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে মোট ৭টি টেস্ট রয়েছে ভারতের।
ভারতের টেস্ট দলের একাদশ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ঋষভ পন্থ গত বছর দুর্ঘটনার কারণে ছিটকে যাওয়ার পর কোনও উইকেটকিপার সেভাবে ভরসা দিতে পারেননি। এবার টেস্ট কেরিয়ার বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন লোকেশ রাহুল।

রাহুলের নেতৃত্বেই ভারত প্রোটিয়াদের দেশে ওডিআই সিরিজ খেলবে। তিন ফরম্যাটেই তিনি যে উইকেটকিপিং করতে প্রস্তুত তা আজ খোলসা করে দিলেন রাহুল। তিনি বলেন, বর্তমানে আমার ফোকাস ওডিআই সিরিজ। উইকেটকিপিংয়ের পাশাপাশি মিডল অর্ডারে ব্যাট করব। তারপর টেস্ট ম্যাচেও একই রকমের ভূমিকা পালন করতে পারলে ভালোই লাগবে।
চলতি বছর ফেব্রুয়ারিতে তিনি শেষ টেস্ট খেলেন। বর্ডার-গাভাসকর ট্রফিতে লাগাতার ব্যর্থতার জেরে ওপেনিংয়ের জায়গা খোয়াতে হয়, শুভমান গিল ওপেন করেন রোহিত শর্মার সঙ্গে। এরপর চোটের কারণে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য রাহুলের নাম বিবেচিত হয়নি।
যশস্বী জয়সওয়াল ওয়েস্ট ইন্ডিজ সফরে দুরন্ত ব্যাটিং করে ওপেনারের জায়গা পাকা করে নিয়েছেন। শুভমান গিলকে নেমে আসতে হয়েছে তিনে। শ্রেয়স আইয়ারও ফিট হয়ে দলে ফিরেছেন। বিরাট কোহলিও টেস্ট সিরিজে খেলবেন। ফলে রাহুল উইকেটকিপিং করলে একাদশ সাজানোর কাজ সহজই হয়ে যাবে ভারতের পক্ষে।
রাহুল এদিন বলেন, আমি সব সময়ই নতুন ভূমিকা পালন করতে ভালোবাসি। কোচ, অধিনায়ক-সহ টিম ম্যানেজমেন্টের পরিকল্পনামাফিক সব রকমের দায়িত্ব পালনে প্রস্তুত। টি ২০ বিশ্বকাপেও খেলা তাঁর লক্ষ্য। দেশের হয়ে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চান। চোটের কারণে কয়েকটি ম্যাচ মিস করলেও এখন তিনি এগিয়ে যেতে চান লক্ষ্যপূরণেই। দলের স্বার্থে প্রত্যাশা পূরণে তিনি নিজের সেরাটা দিতে প্রস্তুত বলেও জানান কেএল। সবরকম পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে চান।












Click it and Unblock the Notifications