IND vs PAK Asia Cup 2023: বৃষ্টিতে ভারত-পাক দ্বৈরথ না হলে কী হবে পরিস্থিতি? বাবরদের উপর চাপ বাড়ছে?
IND vs PAK Asia Cup 2023: কলম্বোর আবহাওয়ার উন্নতি হয়েছিল। মাঝেমধ্যে মেঘ এলেও রৌদ্রোজ্জ্বল পরিস্থিতিতেই কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে শুরু হয়েছিল ভারত-পাকিস্তান দ্বৈরথ। কিন্তু বৃষ্টিতে খেলা আপাতত বন্ধ রয়েছে।
প্রবল ঝড় আর মুষলধারা বৃষ্টি শুরু হয়। তবে জানা গিয়েছে বৃষ্টি থেমেছে। কভার সরাচ্ছেন মাঠকর্মীরা। কাল এই ম্যাচের রিজার্ভ ডে রাখা আছে। যদিও ২০ ওভারের ম্যাচ করা গেলে আজ খেলা শেষ করার চেষ্টা চালাবেন আম্পায়াররা।

এই পরিস্থিতিতে সকলেরই মনে প্রশ্ন, বৃষ্টিতে আজ খেলা না হলে কী দাঁড়াবে পরিস্থিতি? খেলার নিয়ম অনুযায়ী, বৃষ্টির কারণে যদি আজ ম্যাচ না হয় তাহলে যেখানে খেলা বন্ধ হবে কাল সেখান থেকেই ফের শুরু হবে। আর যদি আজ শুধুই ২০ ওভারের খেলাও হয় তাহলে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের টার্গেট দাঁড়াবে ১৮১।
তবে বৃষ্টি থামায় খেলা শুরু হওয়ার দিকেই পরিস্থিতি এগোচ্ছে। আম্পায়াররা সিদ্ধান্ত নেবেন আদৌ ম্যাচের ওভার কমবে কিনা। এমনকী খেলা শুরুর পর আবার যদি বৃষ্টি নামে তাহলে ফের বদলাবে সমীকরণ। ২০ ওভারের ম্য়াচ হলে পাকিস্তানের টার্গেটও বদলাবে ডিএলএস মেথড অনুযায়ী। উল্লেখ্য, পাল্লেকেলেতে গ্রুপ পর্বের ম্যাচে ভারত ব্যাট করার পর বৃষ্টি নামায় পাকিস্তানের ব্যাটিং শুরুই হয়নি। ভেস্তে যায় খেলা।
A helping hand for the ground staff from Fakhar Zaman 😇#PAKvIND | #AsiaCup2023 pic.twitter.com/DdxxNAOov0
— Pakistan Cricket (@TheRealPCB) September 10, 2023
আজ ও রিজার্ভ ডে-তে যদি ভারত-পাক ম্যাচ পুরো না করা যায় সেক্ষেত্রে পাকিস্তান তিন পয়েন্ট দখল করে ফাইনালের দিকে পা বাড়াতে পারবে। পাকিস্তানের শেষ ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারতের ম্যাচ বাকি শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিরুদ্ধে। ভারত দুটি ম্যাচেই যদি জেতে এবং শ্রীলঙ্কা পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে ভারত-শ্রীলঙ্কা ফাইনাল হবে।
আবার পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় এবং ভারতকে শ্রীলঙ্কা হারায় তাহলে পাকিস্তান-শ্রীলঙ্কা ফাইনাল হবে। শ্রীলঙ্কা ইতিমধ্যেই ২ পয়েন্ট নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশকে হারিয়ে। শাকিব আল হাসানদের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে, টিকে রয়েছে খাতায়-কলমে অনেক জটিল সমীকরণে। সবমিলিয়ে আজকের ভারত-পাক দ্বৈরথ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দলের কাছেই।

আজ টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। ভারত ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান তুলেছে। ওপেনিং জুটিতে ১৬.৪ ওভারে ওঠে ১২১। ভারতের দ্বিতীয় উইকেটের পতন ১২৩ রানে। অধিনায়ক রোহিত শর্মা ৫৬ ও শুভমান গিল ৫৮ রান করেছেন। বিরাট কোহলি ৮ ও লোকেশ রাহুল ১৭ রানে ক্রিজে রয়েছেন।
শাহিন শাহ আফ্রিদি ৫ ওভারে ৩৭ ও শাদাব খান ৬.১ ওভারে ৪৫ রান দিয়ে একটি করে উইকেট নিয়েছেন। নাসিম শাহ একটি মেডেন-সহ ৫ ওভারে ২৩ রান দিয়ে কোনও উইকেট পাননি। যদিও তাঁর বলেই শুভমান গিল একাধিকবার জীবন পান। ফাহিম আশরফ ৩ ওভারে ১৫, হ্যারিস রউফ ৫ ওভারে ২৭ রান দিয়ে উইকেট পাননি।












Click it and Unblock the Notifications