IND vs NZ: টেস্টে প্রায় ৩ বছর পর শূন্যে আউট হয়ে কপিল, শেহওয়াগের কাছে বিরাট, চাপে ভারত
IND vs NZ: ভারত-নিউজিল্যান্ড টেস্টের দ্বিতীয় দিনেও থাবা বসাল বৃষ্টি। যদিও প্রথম ১০ ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফিরেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও সরফরাজ খান।
এই নিয়ে ১৫ বার টেস্টে বিরাট কোহলি শূন্য রানে আউট হলেন। প্রায় তিন বছর পর টেস্টে কোহলিকে কোনও না করেই সাজঘরে ফিরতে হলো।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ফ্লাডলাইট জ্বেলে খেলা চলতে থাকে। ভারতের স্কোর যখন ১২.৪ ওভারে ৩ উইকেটে ১৩, তখন ফের বৃষ্টি নামায় খেলা বন্ধ করে দেওয়া হয়। ৬.৩ ওভারে দলের ৯ রানে আউট হন রোহিত শর্মা। ১৬ বলে ২ রান করে তিনি টিম সাউদির বলে বোল্ড হন।
নবম ওভারের শেষ বলে বিরাট কোহলি উইলিয়াম ও'রোর্কের শিকার। ৯ বল খেলে কোনও রান করতে না পেরে গ্লেন ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট। টেস্ট দলে প্রত্যাবর্তন সুখকর হলো না সরফরাজ খানের। তিনি তিন বলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন ম্যাট হেনরির বলে ডেভন কনওয়ের হাতে ক্যাচ দিয়ে।
৯ রানে ভারতের প্রথম ও দ্বিতীয় উইকেটের পতন ঘটে। ১০ রানে পড়ে তৃতীয় উইকেট। যশস্বী জয়সওয়াল ৩৭ বলে ৮ এবং ঋষভ পন্থ ১১ বলে তিন রানে ক্রিজে আছেন। শুভমান গিল ফিটনেসজনিত কারণে খেলছেন না। ফলে তিনে ব্যাট করতে পাঠানো হয়েছিল কোহলিকে।
২০১৬ সালে পোর্ট অব স্পেন টেস্টের পর এই প্রথম বিরাট টেস্টে তিনে ব্যাট করতে গেলেন। আজকেরটি নিয়ে এই পজিশনে বিরাট সাতটি ইনিংসে ব্যাট করলেন। শূন্যে আউট হলেন এই প্রথম। মাত্র তিনবারই তিনি দুই অঙ্কের রান পেয়েছেন। ২০২১ সালের পর টেস্টে ফের বিরাট শূন্য রানে আউট হলেন।
২০২১ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধেই বিরাট মুম্বইয়ের ওয়াংখেড়েতে শূন্য রানে আউট হয়েছিলেন। সেবার তিনি লেগ বিফোর হয়েছিলেন এজাজ প্যাটেলের বলে। এরপর ৩২টি ইনিংসে তিনি একবারই খালি হাতে ফেরেননি। আজ নিজের সেকেন্ড হোম চিন্নাস্বামীতে হতাশ করলেন কোহলি।
টেস্টে ১৫ বার শূন্য রানে আউট হয়ে ভারতীয়দের মধ্যে দিলীপ বেঙ্গসরকারকে ধরে ফেললেন কোহলি। অ্যান্ড্রু স্ট্রস, ক্রিস গেইল, সনৎ জয়সূর্য, বেন স্টোকস, ইনজামাম উল হক, মাহেলা জয়বর্ধনে, মঈন আলি শিবনারায়ণ চন্দ্রপলের মতো তারকারাও টেস্টে ১৫ বার করে শূন্যে আউট হয়েছেন।
ভারতীয়দের মধ্যে কপিল দেব ও বীরেন্দ্র শেহওয়াগ টেস্টে ১৬ বার করে শূন্য রানে সাজঘরে ফিরেছেন। ফলে তাঁদের সঙ্গে ব্যবধান কমল কোহলির। টেস্টে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড রয়েছে কোর্টনি ওয়ালশের (৪৩)। ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ৩৪ বার শূন্য রানে আউট হয়েছেন ইশান্ত শর্মা। জাহির খান ২৯, ভাগবৎ চন্দ্রশেখর ২৩, বিষেণ সিং বেদী ২০ ও জসপ্রীত বুমরাহ ১৯ বার শূন্য রানে আউট হয়েছেন টেস্টে।












Click it and Unblock the Notifications