IND vs NZ: শ্রীলঙ্কা সফরে ব্যর্থতা অতীত, নতুন ভাবে শুরু করার বার্তা নতুন কিউয়ি অধিনায়কের
শ্রীলঙ্কা সফরে হতাশাজনক ফলাফলের পর এবার ভারতের বিরুদ্ধে কঠিন সিরিজ খেলতে নাযমছে নিউজিল্যান্ড দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলতে নামার আগে কিউয়ি শিবিরে শুধুই সমস্যা। চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন দলের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন। প্রথম টেস্ট শুরুর আগে চোটের জন্য বাদ গিয়েছেন পেসার বেন সিয়ার্স।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচে হতাশাজনক ফলাফলের পর টেস্ট অধিনায়কত্ব থেকে দায়িত্ব ছেড়েছেন টিম সাউদি। এরফলে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। তবে টেস্ট অধিনায়কত্বের জন্য টম ল্যাথাম একেবারেই অপরিচিত নন, তিনি ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে নয়টি ম্যাচে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এবং এই মাসের শুরুতে টিম সাউদির পদ থেকে পদত্যাগ করার পরে ফের নির্বাচকরা তাঁর উপরই নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন।

বেঙ্গালুরুতে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে অধিনায়কত্বের চাপ প্রসঙ্গে প্রশ্ন উঠলে টম ল্যাথাম বলেন, এই পদে থাকাটা আমার জন্য একটা বড় সৌভাগ্যের ব্যাপার, আমি অধিনায়ক পদে থাকি বা না থাকি। দলের জন্য আমি আমার সাধ্যমতো ভূমিকা পালন করার চেষ্টা করি। নিজের ১০০% দেব দলের জন্য। অধিনায়ক হওয়াটা আলাদা কিছু নয়। একটু বেশি দায়িত্ব আছে। আমি এর আগে ভারতে এসে এমনকি নিজের দেশেও অধিনায়কত্বের দায়িত্ব সামলেছি।'
শ্রীলঙ্কায় গিয়ে ০-২ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড।শ্রীলঙ্কা সফরে লঙ্কান স্পিনারদের ঘূর্ণিতে বেসামাল হয়ে সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে নিউজিল্যান্ডকে। বেঙ্গালুরুতে প্রথম টেস্ট শুরুর আগে শ্রীলঙ্কা সফরের তিক্ত স্মৃতিই ঘুরে ফিরে আসছে নিউজিল্যান্ড শিবিরে। প্রথম টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে এসেও কিউয়ি অধিনায়ক মেনে নিলেন শ্রীলঙ্কায় তাদের পারফরম্যান্স হতাশাজনকই ছিল।
টম ল্যাথাম বলেন, শ্রীলঙ্কায় আমাদের দলের পারফরম্যান্স বা ফলাফল কোনটাই আদর্শ ছিল না। পরাজয়ের দিক থেকে প্রথম টেস্টটি যথেষ্ট ছোট ব্যবধানে ছিল। কিন্তু সেই সফরে আমরা অনেক ভালো কিছু করেছি। ফলাফলের দিকে তাকিয়ে কোনও কিছুকে বিচার করা সহজ, কিন্তু ব্যাটিং দৃষ্টিকোণ থেকে দেখলে আমরা ফিরে আসতে পেরেছিলাম খারাপ ইনিংসের পরও।'
নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, 'আমরা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৮ রানে অল আউট হয়ে গিয়েছিলাম, কিন্তু তারপরেও আমরা ভাল করেছি। আমরা যেভাবে খেলেছি তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি কিছুটা পরিবর্তন করেছি। শ্রীলঙ্কা সফর থেকে আমরা শিক্ষা নিয়েছি সেটা ভারতের বিরুদ্ধে কাজে লাগাতে হবে।'
বেঙ্গালুরু টেস্ট শুরুর আগেই চোট পেয়ে ছিটকে গেলেন দলের তারকা পেসার। শুধু বেঙ্গালুরু টেস্ট ম্যাচই নয় একইসঙ্গে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন নিউজিল্যান্ড দলের পেসার বেন সিয়ার্স।












Click it and Unblock the Notifications