IND vs NZ: তিন বছর পর টেস্টে ফিরেই ৭ উইকেট সুন্দরের, নিউজিল্যান্ড শেষ ২৫৯ রানেই
IND vs NZ: তিন বছরেরও বেশি সময় পর টেস্টে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখলেন ওয়াশিংটন সুন্দর। পুণেতে কুলদীপ যাদবকে বসিয়ে সুন্দরকে খেলানো হচ্ছে। টিম ম্যানেজমেন্টের আস্থার পূর্ণ মর্যাদা দিলেন তিনি।
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে কেরিয়ারের সেরা বোলিং করলেন সুন্দর। তার ফলে টস জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ড তৃতীয় সেশনেই গুটিয়ে গেল ৭৯.১ ওভারে ২৫৯ রানে।

মধ্যাহ্নভোজের বিরতিতে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৩১ ওভারে ২ উইকেটে ৯২। চা বিরতিতে ৬২ ওভারে ৫ উইকেটে ২০৫। ডেভন কনওয়ে ১৪১ বলে সর্বাধিক ৭৬ রান করলেন, মেরেছেন ১১টি চার। পাঁচটি ছয় ও একটি চার দিয়ে সাজানো রাচিন রবীন্দ্রর ১০৫ বলে ৬৫ রানের ইনিংস।
তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৫১ বলে ৩৩ রান করেন মিচেল স্যান্টনার। অধিনায়ক টম লাথাম ১৫, উইল ইয়ং ১৮, ড্যারিল মিচেল ১৮, টম ব্লান্ডেল ৩, গ্লেন ফিলিপস ৯, টিম সাউদি ৫, এজাজ প্যাটেল ৪ রান করেন। চারটি মেডেন-সহ ২৩.১ ওভারে ৫৯ রানে ৭ উইকেট সুন্দরের।
রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও এজাজ প্যাটেলকে বোল্ড করেন সুন্দর। ড্যারিল মিচেল লেগ বিফোর হন, এ ক্ষেত্রে আম্পায়ার প্রথমে আউট দেননি। আত্মবিশ্বাসী সুন্দরের কথায় আস্থা রেখে রিভিউ নেন ভারত, তাতে আম্পায়ারকে সিদ্ধান্ত বদলাতে হয়।
গ্লেন ফিলিপস সুন্দরের বলে রবিচন্দ্রন অশ্বিনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। নিউজিল্যান্ড দলে বাঁহাতিদের কথা ভেবেই সুন্দরকে এই টেস্টে খেলানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ২০২১ সালে ব্রিসবেনে অভিষেক টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে ৮৯ রানে তিন উইকেট এতদিন সুন্দরের সেরা বোলিং ফিগার ছিল।
এই টেস্টের আগে অবধি চারটি টেস্টে ৭ ইনিংসে তিনি মোট ৬টি উইকেট দখল করেছিলেন। ব্রিসবেন টেস্টে নিয়েছিলেন ৪টি। আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ২টি টেস্টে তিনি ২টি উইকেট নেন। ২০২১ সালে মার্চে তিনি শেষবার মাঠে নেমেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলেও আর সুযোগ পাননি।
ফলে এদিন টেস্ট দলে প্রত্যাবর্তন দারুণভাবেই হলো সুন্দরের। ১৯৭ রানে নিউজিল্যান্ডের চতুর্থ উইকেট পড়েছিল। সেখান থেকে কিউয়িরা অল আউট ২৫৯ রানে। অশ্বিন ৬৪ রান দিয়ে নেন তিন উইকেট। ভারত চাইবে না চতুর্থ ইনিংসে ব্যাট করতে। বা করতে হলেও অল্প রান তাড়া করতে।
ভারতীয় স্পিনাররা যেভাবে কিউয়ি ব্যাটারদের আত্মবিশ্বাসে ঘূর্ণি পিচে আঘাত দিলেন সেটাও গুরুত্বপূর্ণ। ফলে ভারতের সিরিজে সমতা ফেরানোর আশা উজ্জ্বল করলেন স্পিনাররাই।












Click it and Unblock the Notifications