IND vs NZ: কিউয়িদের কাবু করতে ভরসা ঘূর্ণি পিচে? পুণেতে ভারতের টেস্টে ট্র্যাক রেকর্ড কেমন?
IND vs NZ: বেঙ্গালুরুতে বৃষ্টিবিঘ্নিত টেস্টে পরাস্ত হয়ে তিন ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। পুণেতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট।
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৫ বছর পর টেস্ট ম্য়াচ হচ্ছে। এখানে ২টি টেস্টে ভারত জিতেছে একটিতে, হেরেছে একটিতে।

সিরিজে সমতা ফেরানোর লড়াইয়ে নামছে ভারত। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ, এমসিএ স্টেডিয়ামে স্লো টার্নিং পিচ থাকছে। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের তুলনায় এখানকার পিচে বাউন্সও কম থাকবে। উইকেট হবে পাটা এবং মন্থর প্রকৃতির।
পিচটি তৈরি হয়েছে কালো মাটি দিয়ে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিততে হলে বাকি দুটি টেস্টেই জিততে হবে ভারতকে। ফলে এমন উইকেট বানানো হবে, যাতে ফয়সালা ভালোভাবেই হয়। বেঙ্গালুরুতে পিচের চরিত্র বুঝতে ভুল হয়েছিল রোহিত শর্মার। নিউজিল্যান্ড যেভাবে শ্রীলঙ্কায় স্পিন খেলতে সমস্যায় পড়েছিল, সে কথা মাথায় রেখে স্পিন অস্ত্রেই কিউয়িদের কাবু করতে চাইবে ভারত।
জানা গিয়েছে, পুণে ও মুম্বই টেস্টের জন্য এমন পিচ বানানো হচ্ছে যেখানে বল বেশি ঘুরবে। দাপট দেখাবেন ভারতীয় স্পিনাররা। উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতীয় টেস্ট দলে ডেকে নেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে। শেষ অবধি সুন্দর একাদশেও ঢুকে পড়েন কিনা সেদিকে নজর থাকবে।
বেঙ্গালুরুতেও স্পিন সহায়ক উইকেট তৈরির কথা ছিল। কিন্তু টেস্টের আগে থেকেও বৃ্ষ্টি, মেঘলা পরিবেশ সিমারদের বেশি সহায়তা প্রদান করেছিল। পুণে টেস্টেও ভারত তিন স্পিনার নিয়ে নামবে বলে মনে করা হচ্ছে। মন্থর পিচের কথা ভেবে স্পিন বিভাগে আনা হতে পারে পরিবর্তন।
পিচে ঘাস থাকছে না। ফলে সিমারদের সাফল্যের সুযোগ কম বলেই মনে করা হচ্ছে। ভারত এক পেসার, চার স্পিনারও নামিয়ে দিতে পারে। ২০১৭ সালে পুণেতে ভারতকে তৃতীয় দিনের চা বিরতির মধ্যেই ৩৩৩ রানে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। দুই ইনিংসে ৬টি করে উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন স্টিভ ও'কিফ।
২০১৯ সালে ভারত এই স্টেডিয়ামেই দক্ষিণ আফ্রিকাকে চার দিনের মধ্যেই ইনিংস ও ১৩৭ রানে হারিয়েছিল। বিরাট কোহলি অপরাজিত ২৫৪ রানের ইনিংস খেলে ম্য়াচের সেরা হন। রবিচন্দ্রন অশ্বিন দুই ইনিংসে ৬টি ও রবীন্দ্র জাদেজা ৪ উইকেট নেন। জাদেজা, অশ্বিনের সঙ্গে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল রয়েছেন টেস্ট দলে। তারপরেও ওয়াশিংটন সুন্দরকে ডেকে নেওয়াতেই স্পষ্ট ভারত স্পিন আক্রমণ নতুনভাবে শানাতে চাইছে।












Click it and Unblock the Notifications