IND vs NZ: শুভমান গিল প্রথম টেস্ট থেকে ছিটকে গেলে দলে আসবেন আগ্রাসী ব্যাটার, তিনে নামবেন কে?
IND vs NZ: কাল থেকে বেঙ্গালুরুতে শুরু ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। আজ বৃষ্টিতে অনুশীলন করতে পারেনি দুই দল। এমনকী টেস্ট চলাকালীনও বৃষ্টির সম্ভাবনা থাকছে।
ফলে টসের আগে অবধি কোনও দলই একাদশ স্পষ্ট করছে না। ভারত অবশ্য তাকিয়ে শুভমান গিলের ফিটনেসের দিকে।

শুভমান গিল বেঙ্গালুরু টেস্টে অনিশ্চিত। তার কারণ, গিলের ঘাড়ে আড়ষ্টভাব রয়েছে বলে জানা যাচ্ছে। ম্যাচের আগে গিল ফিট হন কিনা সেদিকে তাকিয়ে সকলেই। বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে শুভমান প্রথম ইনিংসে ০ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১১৯ রানের ইনিংস খেলেন। কানপুর টেস্টে করেন ৩৯ ও ৬।
শুভমান না খেললে ভারতের তিনে পাঠানো হতে পারে লোকেশ রাহুলকে। কেন না, রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন যশস্বী জয়সওয়াল। চারে বিরাট কোহলি। রাহুল ৫২টি টেস্টের মধ্যে চারটি টেস্টে ও পাঁচটি ইনিংসে তিনবার তিনে নেমেছেন। ২০১৮ সালের পর এই পজিশনে তিনি ব্যাট করেননি।
রাহুল ২০১৮ সালে শেষবার বার্মিংহ্যাম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনে ব্যাট করতে নেমেছিলেন। তার আগে ওই বছরই বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে তিনি ৬৪ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। তিনে নেমে সেটিই তাঁর সর্বাধিক স্কোর। তিনে নেমে রাহুল মোট ৮৮ রান করেছেন। ৫২টি টেস্টে তাঁর মোট রান ২৯৬৯।
শুভমান গিল ছিটকে গেলে ভাগ্য খুলে যাবে সরফরাজ খানের। সেক্ষেত্রে পাঁচে ঋষভ পন্থ ও ছয়ে সরফরাজ খানকে পাঠানো হতে পারে। সরফরাজ চলতি বছর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকের পর তিন টেস্টে পাঁচ ইনিংসে ২০০ রান করেন। সর্বাধিক অপরাজিত ৬৮। তিনটি হাফ সেঞ্চুরি রয়েছে।
কিন্তু লোকেশ রাহুলের প্রত্যাবর্তনের ফলে সরফরাজ খান টেস্টের একাদশে ঠাঁই পাচ্ছেন না। তিনি দলীপ ট্রফিতে বিশেষ সুবিধা করতে পারেননি। ভারতীয় বি দলের হয়ে ভারতীয় এ এবং সি দলের বিরুদ্ধে তিনি তিন ইনিংসে যথাক্রমে ৯, ৪৬ ও ১৬ রান করেন। তবে মুম্বইকে ইরানি কাপ জেতাতে অবদান রাখেন অবশিষ্ট ভারতের বিরুদ্ধে প্রথম ইনিংসে অপরাজিত ২২২ রানের ইনিংস খেলে। দ্বিতীয় ইনিংসে তিনি করেছিলেন ১৭।
শুভমান যদি কাল টেস্ট না খেলতে পারেন, তবে সরফরাজ ফের একবার নিজেকে মেলে ধরার সুযোগ পাবেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সরফরাজ ধারাবাহিকতা দেখাতে পারলে অস্ট্রেলিয়া সফরের আগে তিনি দলে থাকার দাবিও জোরালো করতে পারবেন।












Click it and Unblock the Notifications