IND vs NZ: একই টেস্টে শূন্য ও শতরান! সরফরাজ খানের আগে এই নজির রয়েছে কোন ভারতীয়দের?
IND vs NZ: বেঙ্গালুরু টেস্টে ফয়সালা হবে কিনা তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করে দিল কয়েক ঘণ্টার বৃষ্টি। ড্রয়ের সম্ভাবনাই বেশি। যদি না অসম্ভবকে সম্ভব করে জয় নিশ্চিত করতে পারেন ভারতীয় স্পিনাররা।
তবে আজ এখনও অবধি ভারতীয় ইনিংসে আঘাত হানতে পারেননি কিউয়ি বোলাররা। ইতিমধ্যেই শতরান হাঁকিয়েছেন সরফরাজ খান। সেঞ্চুরির দিকে এগিয়ে চলেছেন ঋষভ পন্থ।

সরফরাজ খান প্রথম ইনিসে শূন্য রানে আউট হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাটে দ্বিশতরান প্রত্যাশা করছে ভারতীয় দল। তবে সরফরাজ খানের আগে ভারতের আরও ১৭ জন ব্যাটার একই টেস্টে শূন্য ও শতরান করার নজির স্থাপন করেছেন। কয়েকজন একাধিকবার।
১৯৪৮ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভিনু মাঁকড় ১১১ ও ০ রান করেন। ১৯৫১ সালে মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে পঙ্কজ রায় করেন ১৪০ ও ০। ১৯৫২ সালে লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে বিজয় মঞ্জরেকর ১৩৩ ও ০ রানে আউট হন দুই ইনিংসে।
১৯৫৩ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাধব আপ্তে প্রথম ইনিংসে শূন্য করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ১৬৩ রানে। ১৯৬৪ সালে ব্র্য়াবোর্নে ইংল্য়ান্ডের বিরুদ্ধে বিজয় মঞ্জরেকর ১০৮ ও ০ রান করেন। ১৯৬৯ সালে কানপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুন্ডাপ্পা বিশ্বনাথ করেন ০ ও ১৩৭।
১৯৭৭ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সুনীল গাভাসকর ১০৫ ও ০ রান করেন। ১৯৭৯ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দিলীপ বেঙ্গসরকার ০ ও ১০৩ রান করেন। ১৯৮৯ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নভজ্যোৎ সিং সিধু করেন ১১৬ ও ০।
১৯৮৯ সালেই ফয়সালাবাদে পাকিস্তানের বিরুদ্ধে মহম্মদ আজহারউদ্দিন প্রথম ইনিংসে ০ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেন ১০৯। ১৯৯৬ সালে দিল্লি টেস্টে নয়ন মোঙ্গিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেন ১৫২ ও ০। ১৯৯৯ সালে চেন্নাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে সচিন তেন্ডুলকর ০ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেন ১৩৬।
২০০২ সালে সচিন পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১৭ ও ০ রানে আউট হন। ওই বছরই নটিহ্যামে বীরেন্দ্র শেহওয়াগ ইংল্যান্ডের বিরুদ্ধে করেন ১০৬ ও ০। ২০০৮ সালে মোহালিতে ইংল্যান্ডের বিরুদ্ধে রাহুল দ্রাবিড় করেছিলেন ১৩৬ ও ০। ২০১০ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে বীরু ১০৯ ও ০ রান করেন।
২০১৪ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শিখর ধাওয়ান প্রথম ইনিংসে ০ করার পর দ্বিতীয় ইনিংসে করেন ১১৫। ২০১৫ সালে কলম্বোয় চেতেশ্বর পূজারা শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৪৫ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় ইনিংসে ০ রানে সাজঘরে ফেরেন।
২০১৭ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে বিরাট কোহলি শ্রীলঙ্কার বিরুদ্ধে ০ করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ১০৪ রানে। ২০১৮ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পূজারা ১০৬ ও ০ রানে আউট হন। বাংলাদেশের বিরুদ্ধে আগের সিরিজেই চেন্নাইয়ে শুভমান গিল চেন্নাইয়ে প্রথম ইনিংসে ০ করার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত থাকেন ১১৯ রানে। তবে প্রথম ভারতীয় হিসেবে একই টেস্টে শূন্য ও দ্বিশতরান করার নজির কারও নেই। পারবেন সরফরাজ?












Click it and Unblock the Notifications