IND vs NZ: রোহিত ফের ব্যর্থ, স্পিনারকে সামলাতে নাজেহাল কোহলি, ব্যাটিং বিপর্যয়ে ভারত
IND vs NZ: ভারতের সামনে মুম্বই টেস্টে জেতার জন্য ১৪৭ রানের টার্গেট রেখেছে নিউজিল্যান্ড। কিন্তু ভারতীয় দলের মহাতারকারা ফের ব্যর্থ। রোহিত শর্মা, শুভমান গিল ও বিরাট কোহলি সাজঘরে ফিরেছেন স্কোরবোর্ডে ১৮ রান ওঠার ফাঁকে।
রোহিত শর্মা আরও একবার আউট হলেন পেসারের বলে। বিরাট কোহলি স্পিনারের শিকার। জাজমেন্ট দিতে গিয়ে এজাজ প্যাটেলের বলে বোল্ড হলেন শুভমান গিল।

অস্ট্রেলিয়া সফরের আগে রোহিত শর্মার ব্যাট হাতে দুঃসময় চিন্তা বাড়াচ্ছে। আজ বড় ইনিংস খেলার সুযোগ ছিল। কিন্তু ১১ বলে ১১ রানের বেশি করতে পারলেন না। মেরেছেন ২টি চার। ম্যাট হেনরির বলে পুল মারতে গিয়ে মিড-অনে ধরা পড়েন রোহিত।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও রোহিতকে ফেরালেন হেনরি। আজ যে পুল মারতে গেলেন তাতে সঠিক পজিশনে ছিলেন না রোহিত। ভারসাম্যের সমস্যাতেই বল বেশি দূরে পাঠাতে পারেননি। দীনেশ কার্তিক একটি সংবাদমাধ্যমে বলেছেন, রোহিতের ফর্মে সমস্যা নেই। ফর্মে না থাকলে তিনি কিছু ভালো শট খেলতে পারতেন না। সমস্যা শট বাছাইয়ে।
রোহিত বাংলাদেশ সিরিজে ৬, ৫, ২৩ ও ৮ রান করেছিলেন চার ইনিংসে। নিউজিল্যান্ড সিরিজে তাঁর রান যথাক্রমে ২, ৫২, ০, ৮, ১৮ ও ১১। বিরাট কোহলি আবার স্পিনারদের সামলাতে গিয়ে নাজেহাল হচ্ছেন। আজ খেলা শুরুর আগে তিনি রবীন্দ্র জাদেজা ও নেট বোলারদের মধ্যে বাঁহাতি স্পিনারদের ডেকে অনুশীলন করছিলেন।
কিন্তু তাতেও লাভ হলো না। এজাজ প্যাটেলের শিকার হয়ে ফিরলেন ৭ বলে ১ রান করে। ড্যারিল মিচেল ক্যাচ ধরেন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে কোহলির রান ছিল যথাক্রমে ৬, ১৭, ৪৭ ও অপরাজিত ২৯। নিউজিল্যান্ড সিরিজে ০, ৭০, ১, ১৭, ৪ ও ১।
ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে। ৭.১ ওভারে ২৯ রানে পড়েছে পঞ্চম উইকেট। ১৬ রানের ব্যবধানে পড়েছে ৫ উইকেট। শুভমান গিল জাজমেন্ট দিতে গিয়েছিলেন। এজাজ প্যাটেলের বল ঘোরেনি, সোজা উইকেট ভেঙে দেয়। গিল ফেরেন ১ রান করে।
সরফরাজ খান নিজের শহরে প্রথম টেস্টে চূড়ান্ত ব্যর্থ। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে এজাজ প্যাটেলের বলে রাচিন রবীন্দ্রর হাতে ক্যাচ দিয়ে ফিরলেন ২ বলে ১ রানে। যশস্বী জয়সওয়াল ১৬ বলে ৫ রান করে গ্লেন ফিলিপসের বলে লেগ বিফোর হন। রিভিউ নিয়েও লাভ হয়নি।












Click it and Unblock the Notifications