IND vs NZ: পন্থের শতরান হাতছাড়া ১ রানের জন্য, টেস্টে ৯৯-এ আউট হওয়া ভারতীয় ব্যাটারদের তালিকা
IND vs NZ: ঋষভ পন্থ বেঙ্গালুরু টেস্টে শতরান হাতছাড়া করলেন মাত্র ১ রানের জন্য। উইলিয়াম ও'রোর্কের ডেলিভারি পন্থের ব্যাটে লেগে উইকেট ভেঙে দেয়।
প্লেড অন হয়ে চোখে-মুখে একরাশ শূন্যতা নিয়ে আকাশের দিকে তাকিয়ে মাঠ ছাড়েন পন্থ। এই প্রথমবার তিনি টেস্টে ৯৯ রানে আউট হলেও, নার্ভাস নাইন্টিজে গিয়েও শতরান হারালেন এই নিয়ে ৭ বার।

২০২২ সালে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে ৯৩ রানে আউট হয়েছিলেন। তারপর নব্বই পেরিয়েও শতরান পেলেন না এই নিয়ে প্রথমবার। এ ছাড়া সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৭, মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৬, রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯২, হায়দরাবাদে ক্যারিবিয়ানদের বিরুদ্ধেই ৯২ রানে আউট হন পন্থ।
তবে পন্থের আগে আরও অনেক ভারতীয়ই ৯৯ রানে গিয়েও শতরান পাননি। ১৯৫৯ সালে দিল্লি টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঙ্কজ রায়, ১৯৬০ সালে কানপুরে পাকিস্তানের বিরুদ্ধে এমএল জয়সীমা, ১৯৬৭ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অজিত ওয়াদেকর, ১৯৬৮ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রুসি সুর্তি ৯৯ রানে আউট হন।
১৯৮৬ সালে কানপুর টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে মহম্মদ আজহারউদ্দিন, ১৯৯৪ সালে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নভজ্যোৎ সিং সিধু, ১৯৯৭ সালে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং ২০০২ সালে নটিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায় এক রানের জন্য শতরান হাতছাড়া করেছিলেন।
২০১০ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে বীরেন্দ্র শেহওয়াগ, ২০১২ সালে নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি, ২০১৪ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মুরলী বিজয়ও টেস্ট ইনিংসে ৯৯ রানে সাজঘরে ফেরেন। ফলে ১০ বছর পর কোনও ভারতীয় ব্যাটার ১ রানের জন্য শতরান ফেলে এলেন। ২০১৫ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে এক রানের জন্য দ্বিশতরান হাতছাড়া হয়েছিল লোকেশ রাহুলের।
এদিকে, আজ টেস্টের চতুর্থ দিনে প্রথম সেশনে কোনও উইকেট তুলতে না পারলেও বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় সেশনে দুটি উইকেট তুলে নিয়েছেন নিউজিল্যান্ডের বোলাররা। নতুন বল নেওয়ার পরই আউট হয়েছেন সরফরাজ খান ও ঋষভ পন্থ। চতুর্থ উইকেট জুটিতে তাঁরা ১৭৭ রান যোগ করেন।
সরফরাজ খান ১৮টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ১৯৫ বলে ১৫০ করেন। পন্থ ৯টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ১০৫ বলে ৯৯ রান করেন। লোকেশ রাহুল ১৬ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন চা বিরতির আগে। ভারতের স্কোর ৬ উইকেটে ৪৩৮। লিড ৮২ রানের। উইলিয়াম ও'রোর্ক ও এজাজ প্যাটেল ২টি করে উইকেট নিয়েছেন। একটি করে উইকেট টিম সাউদি ও রাচিন রবীন্দ্রর।












Click it and Unblock the Notifications