IND vs NZ: আগ্রাসী মেজাজে ব্যাটিং পন্থের, নিউজিল্যান্ডের বিরুদ্ধে গড়লেন নয়া রেকর্ড
প্রথম দিনের শেষ বেলায় কার্যত কঠিন সময়েই ব্যাট করতে নে্মেছিলেন। কিন্তু দ্বিতীয় দিনের প্রথম সেশনে ওয়াংখেড়েকে মাতিয়ে দিলেন ঋষভ পন্থ। আইপিএল নিলামের আগে তাঁকে ঘিরে জল্পনা-কল্পনা অব্যাহত। তবে পন্থ কিন্তু নিজের ফোকাস এবং ক্রিকেটীয় স্টাইল থেকে সরছেন না। লাল বলের ক্রিকেটেও আগ্রাসী খেলার ধরণ বজায় রাখলেন। শনিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে অর্ধশতরান করলেন পন্থ।
শুধু অর্ধশতরান করলেন না একইসঙ্গে একটি রেকর্ডও গড়লেন পন্থ। শনিবার কিউয়িদের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৩৬ বলে অর্ধশতরান পূরণ করেন পন্থ। এরইসঙ্গে একটি নতুন রেকর্ড গড়লেন ভারতীয় দলের তারকা উইকেটরক্ষক-ব্যাটার। এটাই নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে করা কোনও ভারতীয় ব্যাটারের টেস্টে দ্রুততম অর্ধশতরান। এরআগে পুণেতে ৪১ বলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অর্ধশতরান করেছিলেন যশস্বী জয়সওয়াল।

৫৯ বলে ৬০ রানের ইনিংস খেলে আউট হলেন পন্থ। তাঁর ইনিংসে ছিল আটটি চার এবং দুটি্ ছক্কা। যদিও আগেই আউট হতে পারতেন পন্থ। যদি না ম্যাট হেনরি তাঁর পন্থের সহজ ক্যাচ ফস্কাতেন। মহেন্দ্র সিং ধোনির পর উইকেটরক্ষক হিসেবে টেস্টে দ্বিতীয় সর্বাধিক ৫০ প্লাস স্কোর আছে পন্থেরই। ধোনি করেছেন ৩৯টি ৫০ প্লাস স্কোর সেখানে পন্থের নামের পাশে এখনই ১৯।
অন্যদিকে পন্থকে যোগ্য সঙ্গ দিলেন শুভমান গিলও। লাঞ্চ পর্যন্ত ৭০ রানে অপরাজিত আছেন গিল। যদিও এর আগে সুযোগ পান গিলও। ২৬.১ ওভারে গ্লেন ফিলিপসের বলে তুলে শট মারেন গিল। সেখানে ক্যাচ নেওয়ার জন্য দৌড়ে আসেন পরিবর্ত ফিল্ডার হিসেবে নামা মার্ক চাপম্যান। কিন্তু ক্যাচ ফস্কান চ্যাপম্যান। সুযোগ পেয়েই জ্বলে উঠলেন গিল।
লাঞ্চ পর্যন্ত ভারতের স্কোর ৫ উইকেটে ১৯৫। সুন্দর এবং জাদেজার বোলিংয়ের দাপটে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডকে ২৩৫ রানেই অল আউট করে দেয় ভারত। কিন্তু রোহিত-বিরাটরা সেই সুবিধা প্রথম দিনে অন্তত কাজে লাগাতে পারেননি। ভারতীয় দলের টপ অর্ডারের তিন ব্যাটার যেমন বড় রান পাননি। যদিও ভারতকে চাপমুক্ত করলেন গিল-পন্থ জুটি।












Click it and Unblock the Notifications