IND vs NZ: অশ্বিনের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে চমক জাদেজার, পিছিয়ে পড়লেন বুমরাহও
IND vs NZ: মুম্বই টেস্টে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ৯ উইকেট হারিয়েছে। টম লাথামের নেতৃত্বাধীন কিউয়িরা এগিয়ে ১৪৩ রানে। ফলে তৃতীয় দিনেই এই টেস্টের ফয়সালার সম্ভাবনা।
ভারতকে সিরিজ হোয়াইটওয়াশ বাঁচানোর ক্ষেত্রে এগিয়ে রাখল রবীন্দ্র জাদেজার দুরন্ত বোলিং। প্রথম ইনিংসে জাড্ডু ৬৫ রানে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে তিনি এখনও পর্যন্ত চারটি উইকেট ঝুলিতে পুরেছেন।

নিউজিল্যান্ডের শেষ উইকেটটি যদি কাল জাদেজা তুলে নিতে পারেন তাহলে দুই ইনিংসেই তিনি পাঁচটি করে উইকেট দখল করবেন। আজ ৪৪তম ওভারের তৃতীয় বলে জাদেজা ম্যাট হেনরিকে বোল্ড করে দেন। যা নিউজিল্যান্ডের নবম উইকেট। এরপরই দিনের খেলা শেষ বলে জানান আম্পায়াররা।
ফলে কাল সকালে জাদেজাই ওভার শুরু করবেন। হেনরির উইকেট তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে জাদেজা ঈর্ষণীয় নজির গড়লেন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সংস্করণে বিশ্বের তৃতীয় এবং দ্বিতীয় ভারতীয় বোলার হিসেবে ৫০ উইকেট দখলের মাইলস্টোন স্পর্শ করলেন।
জাদেজা মুম্বই টেস্টে চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় একে একে টপকে গেলেন শোয়েব বশির (৪১), নাথান লিয়ঁ (৪৩), ক্রিস ওকস ও জসপ্রীত বুমরাহ (৪৫), মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স (৪৮)-কে। রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন তালিকার শীর্ষে।
অশ্বিন নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট নিয়েছেন। চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৩টি টেস্টে তাঁর উইকেট-সংখ্যা আপাতত ৬২। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড, তিনি ১১টি টেস্টে ৫১টি উইকেট নিয়েছেন। ১২টি টেস্টে ৫০তম শিকার ঝুলিতে পুরে তিনে রয়েছেন জাদেজা।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকারও শীর্ষে অশ্বিন। তাঁর রয়েছে ৪০টি টেস্টে ১৯৪টি উইকেট। জসপ্রীত বুমরাহকে পিছনে ফেলে তালিকার সাতে উঠে এলেন জাদেজা। তিনি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩৬টি টেস্টে ১২৬ উইকেট নিয়েছেন। বুমরাহর রয়েছে ৩০ টেস্টে ১২৪টি উইকেট।
এই তালিকায় অশ্বিনের পর রয়েছেন যথাক্রমে নাথান লিয়ঁ ( ১৮৭), প্যাট কামিন্স (১৭৫), মিচেল স্টার্ক (১৪৭), কাগিসো রাবাডা (১৩৭) ও স্টুয়ার্ট ব্রড (১২৬)। জাদেজা রয়েছেন ব্রডের পরই।
ওয়াংখেড়েতে টেস্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় জাদেজা পিছনে ফেলে দিলেন ভাগবৎ চন্দ্রশেখরের ১৪টি উইকেট দখলের নজির। বিষেণ সিং বেদী, রিচার্ড হ্যাডলির ১৫টি উইকেট দখলের কীর্তি ছুঁলেন এদিন। কাল একটি উইকেট নিলেই বেদী, হ্যাডলিদের পিছনে ফেলে দিতে পারবেন জাড্ডু।












Click it and Unblock the Notifications