IND vs NZ: ঋষভ পন্থ আউট তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে! হৃদয় ভাঙল সমর্থকদের
IND vs NZ: ঋষভ পন্থের আউট প্রশ্ন তুলে দিল প্রযুক্তির বিশ্বাসযোগ্যতা নিয়ে। মধ্যাহ্নভোজের বিরতির পরই পন্থের উইকেট খুইয়েছে ভারত। যদিও সেই সিদ্ধান্তের সঙ্গে মোটেই সহমত পোষণ করতে পারেননি পন্থ।
দেশের মাটিতে কেরিয়ারের অন্যতম সেরা টেস্ট ইনিংস খেললেন। দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে একা কুম্ভ রক্ষা করে। যদিও শেষ অবধি বিতর্কিত সিদ্ধান্তে ফিরতে হলো পন্থকে।

ঘটনা ভারতীয় ইনিংসের ২২তম ওভারে। লাঞ্চের পর দ্বিতীয় ওভারে। এজাজ প্যাটেলের বল পন্থের বিরুদ্ধে কট বিহাইন্ডের জোরালো আবেদন ওঠে। আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ আউট দেননি। রিভিউ নেয় নিউজিল্যান্ড। আর এরপরেই বিতর্ক।
আলট্রাএজে দেখা গিয়েছে বল যখন পন্থের ব্যাট পেরোচ্ছিল তখন ব্যাট ও বলের মধ্যে বেশ খানিকটা দূরত্ব ছিল। স্পাইক দেখা যায়নি। প্যাডে লাগার পর স্পাইক দেখা যায় আল্ট্রাএজে। তারপরেও কট বিহাইন্ড হয়েছে বলে জানিয়ে দেন তৃতীয় আম্পায়ার পল রাইফেল।
This is not just a snickometer but the condition of our heart on Electrocardiogram as Rishabh Pant gets out... pic.twitter.com/nIIrn18FI1
— Dinda Academy (@academy_dinda) November 3, 2024
রিপ্লের আল্ট্রাএজ দেখে নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও নিশ্চিত ছিলেন না পুরোপুরিভাবে। কিন্তু তৃতীয় আম্পায়ার ইলিংওয়ার্থকে নির্দেশ দেন তাঁর সিদ্ধান্ত বদলাতে। এতে কিউয়িরা স্বাভাবিকভাবেই উল্লসিত হন। যদিও সেই সিদ্ধান্ত বিশ্বাসই করতে পারছিলেন না পন্থ। তিনি আম্পায়ারদের সঙ্গে কথাও বলছিলেন।
তবে শেষ অবধি হতাশ হয়েই পন্থকে মাঠ ছাড়তে হয়। ভারত জেতার জন্য ১৪৭ রানের টার্গেট তাড়া করছে। পন্থ আউট হওয়ায় ভারতের সপ্তম উইকেটের পতন ঘটে ১০৬ রানের মাথায়। ৯টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৫৭ বলে ৬৪ রান করে দুর্ভাগ্যের শিকার হয়ে পন্থকে সাজঘরে ফিরতে হয়। যা ভারতীয় দলকে বড় সমস্যায় ফেলতে পারে।
এরপরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করতে থাকেন সমর্থকরা। যেভাবে দায়িত্বশীল ইনিংস খেলার পরও পন্থকে বিতর্কিত বা ভুল সিদ্ধান্তে প্যাভিলিয়নে ফিরতে হলো তাতে হৃদয় ভেঙেছে সমর্থকদের। ধারাভাষ্যকারদের সঙ্গে সমর্থকরাও নিশ্চিত, ব্যাটে বল লাগা সম্পর্কে নিশ্চিত হতে আল্ট্রাএজের থেকে কার্যকরী হটস্পট টেকনোলজি। তা ফেরানোরও দাবি ওঠে।
তবে পন্থ দুর্ভাগ্যের শিকার হলেও রবিচন্দ্রন অশ্বিন ভাগ্যের সহায়তা পেয়েছেন। গ্লেন ফিলিপসের বল অশ্বিনের প্যাডে লেগে উইকেটের দিকে যাচ্ছিল। অশ্বিন ব্য়াট দিয়ে বল সরানোর চেষ্টা করেও সফল হননি। বল উইকেটে গিয়ে লাগে। তবে বেল পড়েনি। ফলে বেঁচে যান অশ্বিন। তা না হলে অশ্বিন ব্যক্তিগত ৬ রানে আউট হতেন। ভারতের অষ্টম উইকেট পড়তো ১১৭ রানে। এই ঘটনায় হতাশা ব্যক্ত করেন কিউয়ি ক্রিকেটাররা।












Click it and Unblock the Notifications