IND vs NZ: পুণে টেস্টে ভারতের বিরুদ্ধে টস জিতে ব্যাটিং নিউজিল্যান্ডের, দুই দলেই পরিবর্তন
IND vs NZ: পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ থেকে শুরু ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। টস জিতে ব্যাটিং নিল নিউজিল্যান্ড। টস জিতলে রোহিত শর্মাও ব্যাটিংই নিতেন বলে জানালেন।
দুই দলে মোট চারটি পরিবর্তন আনা হয়েছে। তার মধ্যে ভারতীয় দলেই তিনটি। প্রত্যাশিতভাবেই বাদ পড়লেন লোকেশ রাহুল।

পিচ রিপোর্ট দিতে গিয়ে দীনেশ কার্তিক বলেন, উইকেট কালো মাটি দিয়ে তৈরি। তবে এটি স্থানীয় কালো মাটি। এখানেই ফারাক বেঙ্গালুরুর উইকেটের সঙ্গে। কিছুটা ঘাস আছে। তবে যেখানে স্পিনাররা বল ফেলেন, সেই অংশ বেশ শুষ্ক, ঘাসও নেই। ফলে প্রথম থেকেই পিচ থেকে ফায়দা আদায় করতে পারেন স্পিনাররা।
রোহিত টসের পর বলেন, আমাদের ভালো ব্যাট করতে হবে। বেঙ্গালুরুতে প্রথম সেশন আমাদের পক্ষে যায়নি। তবে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং দলের চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছে। পিচ যেমনই হোক ভালো ক্রিকেট খেলতে হবে। আগের টেস্টে বেশ কিছু ইতিবাচক দিক ছিল। এখানে সেগুলি বজায় রাখতে হবে।
রোহিত বলেন, টেস্ট ক্রিকেটে ব্যাকফুটে গেলে মোমেন্টাম পাওয়াটা জরুরি, সেটা আমরা করতেও পেরেছিলাম, ম্যাচেও ফিরি। তবে বড় রান করতে না পারাটাই সমস্যা করেছে। নিশ্চিতভাবেই পুণের উইকেট তুলনায় শুষ্ক। তবে প্রথম ১০-১৫ ওভার কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জানি। উইকেটের আর্দ্রভাবকে কাজে লাগাতে চাইবেন স্পিনাররা।
এই টেস্টে ভারতীয় দলে তিনটি পরিবর্তন হয়েছে। লোকেশ রাহুল, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজের জায়গায় খেলছেন শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর ও আকাশ দীপ। নিউজিল্য়ান্ড দলেও একটি পরিবর্তন হয়েছে। ম্যাট হেনরির হাল্কা চোট রয়েছে জানালেন অধিনায়ক টম লাথাম। খেলছেন মিচেল স্যান্টনার।
নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম বলেন, আগের টেস্টের তুলনায় এই উইকেট আলাদা। ঘাস অনেক কম। ভারতে যেমন উইকেট হয় তেমনই এখানে বল ঘুরবে। ৩৬ বছর পর ভারতে প্রথম টেস্ট জয় আমাদের কাছে বিশেষ কৃতিত্বের। তবে এখন ফোকাস পুণে টেস্টে।
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ।
নিউজিল্যান্ড- টম লাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, টিম সাউদি, মিচেল স্যান্টনার, উইলিয়াম ও'রোর্ক, এজাজ প্যাটেল।












Click it and Unblock the Notifications