IND vs NZ: ভারতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড, গম্ভীরের বড় ধাক্কা
IND vs NZ: বেঙ্গালুরুর পর পুণে টেস্টেও লজ্জার পরাজয়ের সম্মুখীন হলো ভারত। চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট শেষ হয়ে গেল তিন দিনেই। ব্যুমেরাং হলো কিউয়িদের বিরুদ্ধে ঘূর্ণি পিচ বানিয়ে জেতার পরিকল্পনা।
২০১২ সালের পর এই প্রথম যেমন দেশের মাটিতে টেস্ট সিরিজে হারল ভারত, তেমনই ভারতের মাটিতে এই প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল কিউয়িরা।

ভারত সফরে নিউজিল্যান্ড এসেছে শ্রীলঙ্কায় ০-২ ব্যবধানে টেস্ট সিরিজে পরাস্ত হয়ে। দলের সেরা ব্যাটার কেন উইলিয়ামসনও চোটের কারণে ভারতের বিরুদ্ধে সিরিজ নেই। অন্যদিকে, দেশের মাটিতে টানা ১৮টি টেস্ট সিরিজে জেতা ভারতীয় দল কিউয়িদের বিরুদ্ধে সিরিজ খেলতে নামার আগে বাংলাদেশকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারিয়েছে। কিন্তু মুখ থুবড়ে পড়ল কিউয়িদের বিরুদ্ধে।
এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ভারতীয় দল চরম অস্বস্তিতে। ভারতের হেড কোচ হওয়ার পর সবচেয়ে বড় বিপর্যয়ের সাক্ষী থাকলেন গৌতম গম্ভীর। বিশেষ করে একদিনে চারশো-পাঁচশো রান তোলার ক্ষমতা দলের আছে বলে দাবি করার পরই ভারতীয় দলের ব্যাটিং বারবার বিপর্যয়ের মুখে পড়েছে। পুণেতে ১৫৬ ও ২৪৫ তুলল দুই ইনিংসে। পুণে টেস্টে ভারতের হার ১১৩ রানে। ভারতে এসে এই প্রথম নিউজিল্যান্ড টেস্ট সিরিজ জিতল।
১৯৫৫-৫৬ মরশুমে ভারতে প্রথমবার টেস্ট সিরিজ খেলতে এসেছিল নিউজিল্য়ান্ড। সেবার ভারত পাঁচ টেস্টের সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে। এরপর ১৯৬৫ সালে কিউয়িরা ভারত সফরে এসেছিল। চার টেস্টের সিরিজ ভারত জেতে ১-০ ব্যবধানে। ১৯৬৯ সালে ভারত সফরে ফের আসে নিউজিল্যান্ড, তিন টেস্টের সিরিজ ১-১ হয়েছিল।
১৯৭৬ সালে ভারতে এসে তিন টেস্টের সিরিজ ০-২ ব্য়বধানে হেরে গিয়েছিল কিউয়িরা। ১৯৮৮ সালে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে ভারত জেতে ২-১ ব্যবধানে। ১৯৯৫ সালে ভারত দেশের মাটিতে কিউয়িদের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জেতে।
১৯৯৯ সালেও ভারত কিউয়িদের পরাস্ত করেছিল তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানেই। ২০০৩ সালে ভারতের মাটিতে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দুটি টেস্টই ড্র হয়েছিল। ২০১০ সালে তিন টেস্টের সিরিজে কিউয়িদের ১-০ ব্যবধানে হারায় ভারত।
২০১২ সালে দেশের মাটিতেই ভারত দুই টেস্টের সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করে দিয়েছিল। ২০১৬ সালে এ দেশে এসে তিন টেস্টের সিরিজের সবগুলিতেই পরাস্ত হয়েছিল নিউজিল্যান্ড। চলতি সিরিজের আগে নিউজিল্যান্ড শেষবার ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছিল ২০২১ সালে। দুই টেস্টের সেই সিরিজে ভারত জেতে ১-০ ব্যবধানে।












Click it and Unblock the Notifications