IND vs NZ: নিউজিল্যান্ডের সাফল্যে নিয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকা, হুগলির অতনুর লক্ষ্য এবার টিম ইন্ডিয়া
ভারতের মাটিতে নতুন ইতিহাস সৃষ্টি করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ভারতকে টেস্টে ৩-০ ফলে হোয়াইটওয়াশ করেছে কিউয়িরা। কেন উইলিয়ামসনের মতো দলের প্রধান ব্যাটার খেলেননি, কিন্তু তারপরেও তিন টেস্টেই অনবদ্য পারফরম্যান্স করেছে নিউজিল্যান্ড। কিউয়িদের এই সাফল্যের নেপথ্যে ভূমিকা আছে একজন বাঙালির।
নাম অতনু ঘোষ। বাংলা ক্রিকেট দলের অনেকেই এই নামটার সঙ্গে পরিচিত নন। কিন্ত হুগলির মশাটের অতনু এই সিরিজে নিউজিল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হলেন সাপোর্ট স্টাফ হিসেবে। ভারতে এসে একজন ম্যাসিওর প্রয়োজন পড়ে কিউয়িদের। নিউজিল্যান্ড দলে সেই ভূমিকায় নিযুক্ত হন অতনু ঘোষ।

কিন্তু নিউজিল্যান্ড দলের সঙ্গে যুক্ত হলেন কীভাবে? মু্ম্বই থেকে ফোনে ওয়ান ইন্ডিয়াকে অতনু বলেন, 'এরআগে কেকেআর দলে কাজ করেছি সেখানে কয়েকজন নিউজিল্যান্ডের ক্রিকেটার ছিলেন, তাদের সঙ্গে আলাপ ছিল সেই সূত্র ধরেই নিউজিল্যান্ড দলে ম্যাসিওর হিসেবে যুক্ত হই।'
নিউজিল্যান্ড দলের এই ঐতিহাসিক সাফল্যকে খুব কাছ থেকে দেখেছেন অতনু ঘোষ। শ্রীলঙ্কার কাছে হেরে এসে কীভাবে ভারতে ঘুড়ে দাঁড়াল নিউজিল্যান্ড দল? অতনু বলেন, 'যা দেখলাম তাতে নিউজিল্যান্ড দলের ক্রিকেটাররা বাড়তি কোনও চাপ নেন না। নিজেদের সব সময় চাপমুক্ত রাখেন। তবে ৩-০ ফলে সিরিজ জিতবেন এটা নিউজিল্যান্ডের ক্রিকেটাররাও আশা করেননি হয়ত। তবে ওরা পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে পারে ভালোভাবে।'
অতনু আরও বলেন, 'ভারতে এসে রোহিতদের ৩-০ ফলে টেস্টে হারানো নিউজিল্যান্ড দলের কাছে স্বপ্নপূরণের মতোই, ফলে হোটেলে এসে দারুণ সেলিব্রেশন করেন কিউয়ি ক্রিকেটাররা।' মঙ্গলবার পর্যন্ত ম্যাচ হওয়ার কথা ছিল, তাই আগামীকাল পর্যন্ত ভারতেই থাকবেন স্যান্টনার- লাথামরা।
বাংলার হয়ে কখনও কাজ করার সুযোগ পাননি। তবে কাজ করেছেন কর্ণাটক দলে। মূলত কেকেআরের হয়ে কাজ করেছেন, এবার অতনুর লক্ষ্য ভারতীয় দল। এই প্রসঙ্গে অতনু বলছিলেন, 'আমারও লক্ষ্য ভারতীয় দলের সাপোর্ট স্টাফ হিসেবে যুক্ত হওয়া। টিম ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হওয়ার স্বপ্ন আমি দেখি।' মশাটে বাড়ি হলেও কলকাতায় এলে কোলে মার্কেটই তাঁর স্থান, আসলে এখান থেকেই স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল অতনু ঘোষের।












Click it and Unblock the Notifications