IND vs NZ: পুণে টেস্টে একাধিক নজির বিরাট কোহলির, বল হাতে কামাল অশ্বিনের, নজরে পরিসংখ্যান
IND vs NZ: পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে কিউয়িরা।
পুণের এই স্টেডিয়ামে ভারত তৃতীয়বার টেস্ট খেলতে নামবে। নিউজিল্যান্ড প্রথমবার। ভারত একটি টেস্টে জিতেছে। একটিতে হেরেছে।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ভারতকে এখানে ৩৩৩ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ২৬০ রান করার পর ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গিয়েছিল ১০৫ রানে। এরপর অজিরা দ্বিতীয় ইনিংসে করে ২৮৫, ভারত অল আউট হয় ১০৭ রানে। দুই ইনিংসে ৬টি করে উইকেট নিয়ে ম্যাচের সেরা হন অজি স্পিনার স্টিভ ও'কিফ।
সেই টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট কোহলি। তিনি প্রথম ইনিংসে ০ ও দ্বিতীয় ইনিংসে ১৩ রান করেছিলেন। সেই টেস্টের একাদশে থাকা বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা বর্তমান টেস্ট দলে রয়েছেন। প্রথম ইনিংসে অশ্বিন ৩টি ও জাদেজা ২ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে অশ্বিন নেন ৪ উইকেট, জাদেজা তিনটি।
২০১৯ সালের অক্টোবরে শেষবার পুণেতে টেস্ট হয়েছিল। সেবার ভারত ইনিংস ও ১৩৭ রানে হারায় দক্ষিণ আফ্রিকাকে। বিরাট কোহলির ভারত ৫ উইকেটে ৬০১ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। জবাবে প্রোটিয়ারা ২৭৫ করে। এরপর ফলো অনে বাধ্য হয়ে ফাফ দু প্লেসির নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ১৮৯ রানে।
বিরাট কোহলি ৩৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৩৬ বলে অপরাজিত ২৫৪ রানের ইনিংস খেলেন, যা এই স্টেডিয়ামে ব্যক্তিগত সর্বাধিক স্কোর। অশ্বিন প্রথম ইনিংসে চারটি ও দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নেন। জাদেজা দুই ইনিংসে নেন যথাক্রমে ১ ও ৩ উইকেট। ম্যাচের সেরা হন কোহলি।
এমসিএ স্টেডিয়ামে কোনও ইনিংসে দলগত সর্বাধিক স্কোর ভারতের (৫ উইকেটে ৬০১ ডিক্লেয়ার) এবং সর্বনিম্ন স্কোর ১০৫, সেটিও ভারতেরই। ২টি টেস্টে সবচেয়ে বেশি ২৬৭ রান করেছেন বিরাট কোহলি। স্টিভ স্মিথ ১৩৬ ও ময়াঙ্ক আগরওয়ালের ১০৮ রান রয়েছে, তাঁরা ১টি করে টেস্ট খেলেছেন।
সেরা বোলিং ফিগারের প্রথম দুটিই স্টিভ ও'কিফের। দুই ইনিংসেই ৬টি করে উইকেট নেন তিনি, দুই ইনিংসেই ৩৫ রান খরচ করে। ভারতীয়দের মধ্যে সেরা বোলিং ফিগার উমেশ যাদবের (৩২ রানে ৪ উইকেট)। পুণেতে টেস্টে সবচেয়ে বেশি উইকেট রয়েছে অশ্বিনের। তিনি ২টি টেস্টে ১৩ উইকেট নিয়েছেন। স্টিভ ও'কিফ ও উমেশ যাদবের ১২টি করে উইকেট আছে। জাদেজার রয়েছে ৯টি শিকার।












Click it and Unblock the Notifications