IND vs NZ: ঋষভ পন্থ কি খেলতে পারবেন পুণে টেস্টে? ফিটনেস সংক্রান্ত বড় আপডেট প্রকাশ্যে
IND vs NZ: বৃহস্পতিবার থেকে পুণেতে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। ভারতীয় শিবির এবং সমর্থকরা তাকিয়ে ঋষভ পন্থের ফিটনেসের দিকে।
অস্ত্রোপচার হওয়া ডান হাঁটুতে পন্থ চোট পেয়েছিলেন বেঙ্গালুরু টেস্টে। চোট পেয়ে তিনি মাঠ ছাড়ায় উইকেটকিপিং করেন ধ্রুব জুরেল। যদিও চোট নিয়েই ৯৯ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন পন্থ।

সামনে ভারতের টানা টেস্ট রয়েছে। ফলে ঋষভ পন্থকে নিয়ে ঝুঁকি নেওয়ার জায়গায় নেই ভারত। বল ডান হাঁটুতে লাগার পর ভালো করে উঠে দাঁড়াতে পারছিলেন না পন্থ। ফিজিও-সহ সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ ছেড়েছিলেন।
ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, সতর্কতামূলক কারণেই পন্থকে মাঠে নামানো হয়নি। কিপিং না করলেও দলের বিপদে ব্যাট হাতে নেমেছিলেন। তবে রানিং বিট্যুইন দ্য় উইকেটস-সহ নানা ক্ষেত্রে দেখা গিয়েছে হাঁটু ফুলে যন্ত্রণা হওয়ায় পন্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না। অস্বস্তি আছেই।
অবশ্য ভারতীয় শিবির থেকে দাবি করা হয়েছে, পন্থের হাঁটুর অবস্থা আগের চেয়ে ভালো। ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে আজ পুণেতে সাংবাদিকদের বলেন, ঋষভ পন্থের অবস্থা অনেকটাই ভালো। রোহিত নিজে পন্থের হাঁটুর অবস্থা দেখেছেন। তাঁর চলাফেরায় কিছু সমস্যা হচ্ছিল। তবে আমরা আশা করছি, পন্থ দ্বিতীয় টেস্টেই কিপিং করতে পারবেন।
দুশখাতে জানান, দলের সকলেই ভালো আছেন। প্রথম টেস্টে বেশি বোলিং করতে হয়নি বলে জোরে বোলাররাও তরতাজাই আছেন বলে দাবি তাঁর। ফলে শুভমান গিলও ঘাড়ের আড়ষ্টভাবের সমস্যা কাটিয়ে পুণে টেস্টে দলে ফিরতে চলেছেন বলেই খবর।
যদি পন্থ ও গিল খেলেন তাহলে একাদশ থেকে বাদ পড়বেন লোকেশ রাহুল। আর পন্থ যদি ফিটনেসজনিত কারণে না খেলতে পারেন, তাহলে রাহুল আরেকটা লাইফলাইন পেতে পারেন। ভারতীয় দল চার স্পিনারে নামবে কিনা সেটাও স্পষ্ট নয়। তবে হঠাৎ করে ওয়াশিংটন সুন্দরকে ডেকে নেওয়ায় স্পিন আক্রমণে পরিবর্তন আসার ইঙ্গিত মিলছে।












Click it and Unblock the Notifications