IND vs NZ: ১২ বছর পর চরম বিপর্যয়ের দোরগোড়ায় ভারত! দেশের মাটিতে টানা দেড় ডজন সিরিজ জেতার স্বপ্নের দৌড় থামছে?
IND vs NZ: ভারতের মাটিতে কখনও টেস্ট সিরিজ জেতেনি নিউজিল্যান্ড। ফলে পুণেতে ইতিহাস গড়া থেকে টম লাথামের নেতৃত্বাধীন কিউয়িরা আর মাত্র ৩ উইকেট দূরে।
ভারতের সামনে টার্গেট ৩৫৯। এই প্রতিবেদন লেখা অবধি ভারতের রান ৭ উইকেটে ১৬৭। ক্রিজে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। মিরাকল ছাড়া এই টেস্ট বাঁচানো অসম্ভব ভারতের। ১২ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজে ভারত চরম বিপর্যয়ের সম্মুখীন।

২০১২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ভারত। তার ঠিক পরের সিরিজেই ইংল্যান্ডের কাছে সিরিজ হার। চার টেস্টের সিরিজে প্রথমটিতে আমেদাবাদে ভারত জেতে। কিন্তু মুম্বই ও ইডেন টেস্ট জেতে ইংল্যান্ড। নাগপুরে চতুর্থ টেস্ট ড্র হয়। ভারত হারে ১-২ ব্যবধানে।
যদিও সেই সিরিজ হারের পর থেকে পুণে টেস্টের আগে পর্যন্ত ভারত দেশের মাটিতে কোনও সিরিজে হারেনি। ২০১৩ সালে অস্ট্রেলিয়া ভারত সফরে আসে, চার টেস্টের সিরিজে অজিদের হোয়াইটওয়াশ করে ভারত বর্ডার-গাভাসকর ট্রফি জেতে।
এই সিরিজ জেতার পর আরও ১৭টি সিরিজ টানা জেতে ভারত। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ ২-০, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার টেস্টের সিরিজ ৩-০, ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ ভারত জেতে ৩-০ ব্যবধানে।
২০১৬ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে ভারতের জয় আসে ৪-০ ব্যবধানে। ২০১৭ সালে বাংলাদেশকে এক টেস্টের সিরিজেও হারায় ভারত। ২০১৭ সালে বর্ডার-গাভাসকর ট্রফিতে চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে পরাস্ত করে ভারত। সেই সিরিজে প্রথম টেস্টে ভারত হেরেছিল।
২০১৭ সালে শ্রীলঙ্কা এসেছিল ভারত সফরে। তিন টেস্টের সিরিজ ভারত জেতে ১-০ ব্যবধানে। ২০১৮ সালে আফগানিস্তানকে এক টেস্টের সিরিজে হারায় ভারত। ২০১৮ সালে দুই টেস্টের সিরিজে ভারত হোয়াইটওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজকে। ২০১৯ সালে তিন টেস্টের সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে ভারত।
২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জেতে ভারত। ২০২১ সালে ভারত সফরে এসে চার টেস্টের সিরিজের প্রথম টেস্ট জেতে ইংল্যান্ড। যদিও শেষ অবধি সেই টেস্ট সিরিজ ভারত ৩-১ ব্যবধানে জিতে অ্যান্টনি ডি মেলো ট্রফি জেতে।
২০২১ সালে ভারত সফরে এসেছিল নিউজিল্যান্ড। দুই টেস্টের সিরিজ ভারত জেতে ১-০-তে। ২০২২ সালে শ্রীলঙ্কা ভারত সফরে এসে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফেরে। ২০২৩ সালে বর্ডার-গাভাসকর ট্রফির চার টেস্টের সিরিজ ভারত জিতেছিল ২-১ ব্যবধানে।
চলতি বছর ভারতে এসে পাঁচ টেস্টের সিরিজ খেলে ইংল্যান্ড। এই টেস্ট সিরিজেরও প্রথম টেস্ট জেতে ইংল্যান্ড। যদিও শেষমেশ ৪-১ ব্যবধানে সিরিজ পকেটে পুরে অ্যান্টনি ডি মেলো ট্রফিও দখলে রাখে ভারত। নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশকে দুই টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে হারিয়েছিল ভারত।












Click it and Unblock the Notifications