IND vs NZ: হাই রিস্কের হার্ড ক্রিকেট খেলেই টেস্টে বাজিমাত চান গম্ভীর, নিউজিল্যান্ডকে সমীহ করেও দিলেন হুঙ্কার
IND vs NZ: বাংলাদেশের পর এবার দেশের মাটিতে নিউজিল্যান্ডকে হারিয়েই অস্ট্রেলিয়ায় পা রাখতে চাইছে ভারত। বুধবার থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট।
কানপুরে টি২০ মেজাজে ব্যাট করাতেই বৃষ্টিবিঘ্নিত টেস্ট থেকেও অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। এই ধরনের অ্যাপ্রোচ থেকে ক্রিকেটারদের বিরত না করারই বার্তা দিলেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর।

গম্ভীর বলেন, কাউকে স্বাভাবিক খেলা থেকে বিরত করার প্রশ্নই নেই। যদি আগ্রাসী মেজাজে খেলে তাঁরা ৪০০-৫০০ রান একদিনে তুলে ফেলতে পারেন তাহলে ক্ষতি কী? হাই রিস্ক, হাই রিওয়ার্ড, হাই রিস্ক, হাই ফেলিওর- এ কথা মাথায় রেখেই আমরা খেলব। তাতে কোনও দিন ১০০ রানে অলআউট হলেও মেনে নেব। কিন্তু হাই রিস্ক ক্রিকেট খেলা থেকে কাউকে বাধা দেব না।
গম্ভীরের কথায়, ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে কোনও পরিস্থিতি থেকে ম্যাচের ফয়সালা নিশ্চিত করতে হবে। আমি চেন্নাইতেও বলেছিলাম আমরা একদিনে যেমন ৪০০ তুলতে পারি, তেমনই এমন প্লেয়ারও রয়েছেন যাঁরা ২ দিন ব্যাট করতে সক্ষম। আমাদের প্রথম লক্ষ্য হলো জেতা। যদি কোনও সময় ড্রয়ের জন্য খেলতে হয় সেটা দ্বিতীয় বা তৃতীয় বিকল্প।
সবমিলিয়ে ক্রিকেটারদের স্বাভাবিক খেলা চালিয়ে যাওয়ার স্বাধীনতা দিচ্ছেন ভারতের কোচ। নিউজিল্যান্ড সিরিজকে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি হিসেবেও দেখছেন না। গম্ভীর বলেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা আলাদা চ্যালেঞ্জ। তাদের দল খুব ভালো, উচ্চমানের বেশ কয়েকজন প্লেয়ার রয়েছেন। লড়াকু দলে এমন ক্রিকেটার রয়েছেন যাঁরা আঘাত হানতে পারেন। ফলে তিনটি টেস্ট খুব চ্যালেঞ্জিং।
এরপরই ভারতীয় হেড কোচের সংযোজন, আমরা নিউজিল্যান্ডকে সমীহ করছি। তবে আমরা কাউকেই ভয় পাই না। নিঃস্বার্থভাবে খেলতে হবে, নম্র থাকতে হবে। তবে ক্রিকেট মাঠে হার্ড ক্রিকেটই খেলতে হবে। নিউজিল্যান্ডই হোক বা অস্ট্রেলিয়া, আমরা প্রতিটি ম্য়াচই জেতার লক্ষ্য নিয়ে নামব। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জুনে। অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচ নভেম্বরের ২২ তারিখ। আমাদের মূল ফোকাস ১৬ অক্টোবরের সকাল সাড়ে ৯টার জন্য তৈরি থাকা।












Click it and Unblock the Notifications