IND vs NZ: বিরাট কোহলি ছন্দে নেই, কতটা উদ্বিগ্ন গম্ভীর? দিলেন পাশে থাকারই বার্তা
IND vs NZ: ভারত-নিউজিল্যান্ড তিন টেস্টের সিরিজের প্রথম টেস্ট বুধবার থেকে বেঙ্গালুরুতে। চিন্নাস্বামী স্টেডিয়ামে নজর থাকবে বিরাট কোহলির দিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলার সৌজন্যে যে মাঠ বিরাটের সেকেন্ড হোম!
বিরাট কোহলি টি২০ বিশ্বকাপের পর থেকে একেবারেই চেনা ছন্দে নেই। ফলে বেঙ্গালুরুর চেনা পরিবেশে কিং কোহলি স্বমহিমায় ফিরবেন, আশা ভক্তদের।

ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের আজ জন্মদিন। এদিন বেঙ্গালুরুতে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুঝিয়ে দিলেন, গম্ভীরের সাম্প্রতিক ফর্ম নিয়ে তিনি মোটেই উদ্বিগ্ন নন। গত বছর ডিসেম্বরে সেঞ্চুরিয়ন টেস্টে দ্বিতীয় ইনিংসে তিনি ৭৬ রান করেছিলেন।
এরপর কেপ টাউন টেস্টে ৪৬ ও ১২ রান করেন। চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ৬ ও ১৭ এবং কানপুর টেস্টে ৪৭ ও অপরাজিত ২৯ রান করেন কোহলি। টি২০ বিশ্বকাপের পর শ্রীলঙ্কায় একদিনের আন্তর্জাতিক সিরিজের তিন ইনিংসে বিরাটের রান ছিল যথাক্রমে ২৪, ১৪ ও ২০।
বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্ক নিয়ে চলেছে দীর্ঘ টানাপোড়েন। যদিও এখন অবশ্য তাঁদের সম্পর্ক স্বাভাবিক। এদিন কোহলির পাশে থাকার বার্তা দিয়ে গম্ভীর বলে, বিরাট বিশ্বমানের ক্রিকেটার। দীর্ঘ সময় ধরে তিনি পারফর্ম করে চলেছেন। অভিষেকের সময়কার মতোই এখনও তাঁর রানের খিদে একইরকম। এটাই তাঁকে বিশ্বমানের ক্রিকেটার করে তুলেছে।
গম্ভীরের কথায়, আমি নিশ্চিত বিরাট নিউজিল্যান্ড সিরিজ তো বটেই, অস্ট্রেলিয়াতেও একইরকমের রানের খিদে নিয়েই নামবেন। ফলে তিনি রানে ফিরতে মুখিয়ে থাকবেন এই সিরিজে এবং ধারাবাহিকতা বজায় রাখবেন অস্ট্রেলিয়া সিরিজেও। একটা ম্যাচের পরই কাউকে বিচার করা ঠিক নয়। সেটা প্লেয়ারের প্রতিও সুবিচার করা হয় না।
ভারতীয় দলের হেড কোচ গম্ভীর তাঁর কোচিং দর্শন স্পষ্ট করে বুঝিয়ে দেন, একটি বা দুটি ম্যাচে খারাপ খেলার নিরিখে তিনি কাউকে ছেঁটে ফেলবেন না। তাঁর কথায়,খেলাধুলোয় কেউ ব্যর্থ হতেই পারেন। সবচেয়ে বড় কথা, যদি আমরা প্রত্যাশিত ফল পাই এবং তা নিশ্চিত করতে যাঁর যা করা দরকার সেটা হলেই যথেষ্ট। রোজ সবার দিন ভালো যায় না। সেজন্য আমরা প্লেয়ারদের পাশে থাকি। আমার কাজ সেরা একাদশ নামানো। সামনে আটটি টেস্ট। সকলেই সাফল্যের জন্য ক্ষুধার্ত। টানা ৮টি টেস্টে ভালো খেলাই লক্ষ্য।
উল্লেখ্য, বিরাট নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১টি টেস্টে ২১ ইনিংসে ৮৬৬ রান করেছেন। সর্বাধিক স্কোর ২১১। তিনটি করে শতরান ও অর্ধশতরান রয়েছে। নিউজিল্যান্ডে ৪টি টেস্টে ৮ ইনিংসে কোহলির রান ২৫২, সর্বাধিক অপরাজিত ১০৫। একটি করে শতরান ও অর্ধশতরান করেছেন।












Click it and Unblock the Notifications