IND vs NZ: নিউজিল্যান্ডের কাছে ভারতের সিরিজ হার নিয়ে নীরবতা ভাঙলেন গম্ভীর, দায় চাপালেন কাদের উপর?
IND vs NZ: বেঙ্গালুরু ও পুণে টেস্টে পরাস্ত হয়ে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হেরেছে ভারত। তারপর এদিনই প্রথম নীরবতা ভাঙলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর।
কাল থেকে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় তথা শেষ টেস্ট। ২৪ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোই ভারতের কাছে বড় চ্যালেঞ্জ।

বেঙ্গালুরু টেস্টে ভারত ৪৬ ও ৪৬২ রান করেছিল, হারতে হয় ৮ উইকেটে। পুণেতে ভারত দুই ইনিংসে তোলে যথাক্রমে ১৫৬ ও ২৪৫, কিউয়িরা জেতে ১১৩ রানে। ১২ বছরে টানা ১৮টি টেস্ট সিরিজ দেশের মাটিতে জেতার পর এই প্রথম ঘরের মাঠে টেস্ট সিরিজে পরাস্ত ভারত।
গম্ভীর হেড কোচ হওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতলেও কিউয়িদের বিরুদ্ধে ব্যর্থ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ভারতীয় দল। গৌতম গম্ভীর অবশ্য ব্যর্থতার জন্য শুধু ব্যাটারদের উপর দায়িত্ব চাপাতে নারাজ।
আজ গম্ভীর বলেন, সকলেরই দায় রয়েছে। শুধু ব্যাটারদের জন্যই এই ব্যর্থতা, তেমনটা আমি বলছি না। ভারতীয় দলে তৃতীয় টেস্টে রদবদলের সম্ভাবনা উড়িয়ে গম্ভীর জানান, যাঁরা এই সিরিজে খেলেননি তাঁদের মুম্বই টেস্টে খেলানোর মতো পরিস্থিতিতে নেই তাঁর দল।
হর্ষিত রানাকে মুম্বইয়ে ডেকে পাঠানো হয়েছে। তাঁর টেস্ট অভিষেক নিয়ে চর্চাও শুরু হয়েছিল। গম্ভীরের কথায়, হর্ষিত এই সিরিজের টেস্ট দলে নেই। অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতির কারণেই তাঁকে ডেকে আনা হয়েছে। অভিষেক নায়ার গতকালই সেটা স্পষ্ট করেছেন। আইপিএল রিটেনশনেরও কোনও যোগ নেই, তা নিয়ে কিছু বলব না। আমরা এখানে টেস্ট খেলতে এসেছি।
টেস্ট সিরিজ হারের ধাক্কা অস্বীকার না করেও ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী গম্ভীর। তাঁর কথায়, এই আঘাত আমাদের আরও উন্নতিতে সহায়ক হবে। এই ধরনের পরিস্থিতিই একজন তরুণ ক্রিকেটারকে আরও উন্নতিতে সাহায্য করে। কানপুর টেস্টের মতো চলতি সিরিজের ফলাফলও দলকে এগিয়ে যেতে সদর্থক ভূমিকাই নেবে বলে আশা ভারতের হেড কোচের।
ভারতীয় দল টেস্টে দিনে চারশো রান তোলার ক্ষমতা রাখে বলে এদিনও দাবি করেছেন গম্ভীর। সেশন ধরে ভালো খেলাটাই মূল বিষয়। গম্ভীর বলেন, কেউ বড় বড় ছক্কা মারলেই কেউ কমপ্লিট ক্রিকেটার হন না। কমপ্লিট ক্রিকেটার তিনিই যিনি পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারেন। খুচরো রান নিয়ে স্কোরবোর্ড সচল রাখাটাও গুরুত্বপূর্ণ।
টি২০ ক্রিকেট খেলার প্রভাব ব্যাটারদের রক্ষণে প্রভাব ফেলছে বলে মেনে নিয়েছেন গম্ভীর। তবে তিনি এটাও বলছেন, সফল ক্রিকেটার হতে গেলে যে কোনও ফরম্যাটেই রক্ষণটাও জরুরি। সেই বিষয়টিতে জোর দেওয়ার কথাও উঠে এসেছে গম্ভীরের কথায়।
ওয়াংখেড়ের পিচ নিয়ে গুঞ্জনের মধ্যেই গম্ভীর বলেন, আমার উইকেট দেখে ভালোই মনে হয়েছে। দুই দল ব্যাট করার আগে কিছু বলা কঠিন। শ্রীলঙ্কায় ওডিআই সিরিজ হারের পর দেশের মাটিতে টেস্ট সিরিজে পরাজয়- ভারতের হেড কোচ হিসেবে তাঁর পথটা মসৃণ নয়। তবুও উদ্বিগ্ন নন গম্ভীর। তিনি বলেন, এই পরিস্থিতিতে থাকা ভালো নয়। তবে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। দেশের হয়ে খেলতে নেমে সব ম্যাচে জেতার চেষ্টাই করতে হবে।












Click it and Unblock the Notifications