IND vs NED, World Cup 2023: দীপাবলির সন্ধ্যায় সেঞ্চুরি উপহার শ্রেয়সের, শতরান করে অন্ধকার কাটিয়ে ফিরলেন আলোয়
চোট আঘাতের সমস্যায় কেটেছে বছরের অনেকটা সময়, বিশ্বকাপ খেলা নিয়েও ছিল অনিশ্চয়তার অন্ধকার। কিন্তু দীপাবলির সন্ধ্যায় আধার পেরিয়ে আলোর সরণীতে শ্রেয়স আইয়ার। রোহিত,গিল, বিরাটরা ভালো শুরু করেছিলেন। কিন্তু অর্ধশতরানের বেশি এগোতে পারেননি, কিন্তু হাফসেঞ্চুরি থেকে সেঞ্চুরিয়ান হলেন ভারতীয় দলের চার নম্বর ব্যাটসম্যান।
কলকাতাতেই দিয়েছিলেন ছন্দে ফেরার আভাস। কিন্তু শতরান অধরাই থাকে। বেঙ্গালুরুতে এসে দীপাবলির সন্ধ্যায় টিম ম্যানেজমেন্টের আস্থার মান রাখলেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেঞ্চুরিয়ান হলেন শ্রেয়স। ৮৪ বলে শতরান করলেন শ্রেয়স। শেষ পর্ন্ত শ্রেয়স অপরাজিত থাকলেন ১২৮ রানে।

এই প্রথমবার একদিনের বিশ্বকাপে শতরান করলেন শ্রেয়স আইয়ার। সেইসঙ্গে মিডল অর্ডারের ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সর্বাধিক রান করার নজিরও সৃষ্টি করলেন শ্রেয়স। শ্রেয়সই প্রথম ব্যাটসম্যান যিনি নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ভারতীয় হিসেবে শতরান পূর্ণ করলেন। এরআগে বিশ্বকাপের ইতিহাসে এই দুই দল এখনও পর্যন্ত ২০০৩ এবং ২০১১ সালে এই দুই দল মুখোমুখি হয়েছে। দুটি মাচেই জয় পেয়েছিল ভারত।
কিন্তু ডাচদের বিরুদ্ধে শতরান করার নজির ছিল না কোনও ভারতীয় ব্যাটসম্যানের। রবিবার চিন্নাস্বামীতে ব্যাট হাতে ঝড় তুললেন আইয়ার। দীপাবলির সন্ধ্যায় তাঁর ব্যাটে বিরাট ধমাকা। ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে শুরু করেন। গত ম্যাচে অর্ধশতরান করেও ফিরে যেতে হয়েছিল সাজঘরে, এই ম্যাচে অবশ্য কোনও ভুল করলেন না ভারতীয় দলের এই তারকা ব্যাটসম্যান।
শেষ পর্যন্ত ৯৪ বলে ১২৮ রানে অপারজিত থাকেন শ্রেয়স, তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চার এবং পাঁচটি ছক্কা দিয়ে। কেএল রাহুলের সঙ্গে জুটি বেধে ২০০ রানের বেশি পার্টনারশিপও গড়লেন। সেই সঙ্গে নকআউট পর্বের আগে টিম ম্যানেজমেন্টকে ভরসাও দিলেন। টুর্নামেন্টের শুরু থেকে ব্যাট হাতে সেভাবে ছন্দে পাওয়া যাচ্ছিল না শ্রেয়সকে। ফলে শুরু হয়েছিল সমালোচনা। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে যাবতীয় সমালোচনার জবাব দিলেন।
এখানেই শেষ নয় শতরান করে সচিন-রোহিতদের সঙ্গে একই তালিকাতে স্থান করে নিলেন শ্রেয়স আইয়ার। বেঙ্গালুরুর মাঠ বরাবরই ব্যাটিং বান্ধব। ছোট বাউন্ডারি হওয়ার কারণে এই মাঠে ব্যাটসম্যানরা বাড়তি সুবিধা পান। এরআগে এই মাঠে শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর, রোহিত শর্মা, ইউসুফ পাঠান। চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ম্যাচে এই মাঠে শতরান এল শ্রেয়সের ব্যাট থেকে।
রোহিত-গিল আউট হওয়ার পর চার নম্বরে নামেন আইয়ার। প্রথমে ৪৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন। কোহলির সঙ্গে জুটিতে তোলেন ৭১ রান। এরপর রাহুলের সঙ্গে জুটি গড়ে শতরান করেন। সেইসঙ্গে ভারতের রানকেও ৪০০ পার করে দেন। তাঁর যোগ্য সঙ্গ দেন কেএল রাহুল। ঘরের মাঠে শতরান করেন রাহুলও।
চার নম্বরে ব্যাট করতে নেমে এখনও পর্যন্ত ৩১টি ওডিআই ম্যাচ খেলেছেন, করেছেন ১২৮৮ রান। তিনটি শতরান ও ৮ঠি হাফসেঞ্চুরি করেছেন। ইনিংসের বিরতিতে শ্রেয়সের ব্যাটিংয়ের ভূয়সী প্রশংসা করেন সুনীল গাভাসকর থেকে সঞ্জয় মঞ্জেরেকর। সানির কথায়, চার নম্বরে নেমে এই ধরনের ইনিংস খেলা সহজ ছিল না।












Click it and Unblock the Notifications