IND vs ENG: যশস্বী রাঁচিতে একাধিক নজিরের অপেক্ষায়, গাভাসকর ও কোহলির রেকর্ড চুরমার ধোনির শহরেই?
IND vs ENG: শুক্রবার থেকে রাঁচিতে শুরু ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। এই টেস্টে একাধিক নজির গড়ার অপেক্ষায় যশস্বী জয়সওয়াল। যিনি চলতি সিরিজে উপর্যুপরি দ্বিশতরান হাঁকিয়েছেন।
আপাতত এই সিরিজে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছেন মুম্বইয়ের এই তরুণ ব্যাটার। এবার তাঁর ব্যাটেই ভেঙে যেতে পারে সুনীল গাভাসকর ও বিরাট কোহলির রেকর্ড।

যশস্বী জয়সওয়াল এখনও অবধি সাতটি টেস্ট খেলেছেন। ১৩টি ইনিংসে ১ বার অপরাজিত থেকে তিনি ৮৬১ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ২১৪। গড় ৭১.৭৫, তিনটি শতরান ও ২টি অর্ধশতরান করেছেন। রাঁচি টেস্টে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে টেস্টে ১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতেই পারেন।
হায়দরাবাদে প্রথম টেস্টে যশস্বী ৮০ ও ১৫ রান করেছিলেন। বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে খেলেন ২০৯ ও ১৭ রানের ইনিংস, যার মাধ্যমে ভারতের সিরিজে সমতা ফেরাতে অবদান রাখেন যশস্বী। রাজকোটে তৃতীয় টেস্টে প্রথম ইনিংসে ১০ রানে আউট হলেও দ্বিতীয় টেস্টে অপরাজিত থাকেন ২১৪ রানে।
রাজকোটে শতরানের পর ব্যাক স্প্যাজমের সমস্যা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন। কিন্তু পরের দিন তিনি ব্যাট করতে নামেন এবং ডাবল সেঞ্চুরি পেয়ে যান। চলতি সিরিজে আরও চারটি ইনিংস রয়েছে। ২২৯ রান করলেই সুনীল গাভাসকরের রেকর্ড ভেঙে দিতে পারবেন যশস্বী।
দ্বিপাক্ষিক সিরিজে ৭০০ বা তার বেশি রান করার নিরিখে একমাত্র ভারতীয় সুনীল গাভাসকর। তিনি ১৯৭০-৭১ মরশুমে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৭৭৪ রান করেছিলেন, এরপর ১৯৭৮-৭৯ মরশুমে দেশের মাটিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধেই ৭৩২ রান করেছিলেন সানি। যশস্বী চলতি সিরিজে ৫৪৫ রানে দাঁড়িয়ে।
বিরাট কোহলি একবিংশ শতাব্দীতে কোনও দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের রেকর্ডের অধিকারী। তিনি ২০১৬-১৭ মরশুমে ভারত-ইংল্যান্ড সিরিজে দেশের মাটিতে ৬৫৫ রান করেছিলেন। সেই রেকর্ডটি রাঁটিতেই ভেঙে দিতে পারেন ফর্মে থাকা যশস্বী।
ভারতীয়দের মধ্যে টেস্টে দ্রুততম ১ হাজার রান করার রেকর্ডটি রয়েছে বিনোদ কাম্বলির দখলে। এক মুম্বইকরের এই রেকর্ডে থাবা বসাতেই পারেন আরেক মুম্বইকর। তবে কাজটা কঠিন। কেন না, কাম্বলি টেস্টে ১ হাজার রান করেছিলেন ১৪ ইনিংসে। কাম্বলিকে স্পর্শ করতে যশস্বীকে রাঁচি টেস্টে প্রথম ইনিংসেই ১৩৯ রান করতে হবে। কেন না, সেটি যশস্বীর টেস্ট কেরিয়ারের ১৪তম ইনিংস হতে চলেছে। সবমিলিয়ে ফের ফোকাসে যশস্বী।












Click it and Unblock the Notifications