কেন নিয়মরক্ষার ম্যাচে ইডেন 'ফুল হাউস', ফাঁস করলেন সৌরভ নিজেই
রবিবাসরীয় ইডেন কেন কানায় কানায় পূর্ণ তার ব্যাখ্যা করেছেন সিএবি সভাপতি তথা কলকাতার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়।
কলকাতা, ২২ জানুয়ারি : ইডেন গার্ডেন্সে এদিন ভারত-ইংল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচের আসর বসেছে। তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচ ইংল্যান্ডকে হেলায় হারিয়ে জিতে গিয়েছে ভারত। পুনের পর কটকে ইয়ন মর্গ্যানের ছেলেদের পর্যুদস্ত করে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। ফলে তৃতীয় তথা শেষ ম্যাচ এককথায় নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে।
অথচ এই ম্যাচ দেখতেও কিনা একেবারে কানায় কানায় ভর্তি ইডেনের মাঠ। শীতের দুপুরে রোদ গায়ে মেখে ম্যাচের আনন্দ নিতেই কি দূরদুরান্ত থেকে মাঠ ভরিয়েছে কলকাতার দর্শকেরা? নাকি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে ইডেনে স্ট্যান্ড বসছে। এহেন ঘটনার সাক্ষী থাকতেই এদিন ইডেন পুরোপুরি ভর্তি?

জানা গিয়েছে, ম্যাচ শুরুর কয়েকদিন আগেই ইডেন ম্যাচের টিকিট নিঃশেষিত। এবং কটকে ভারত জিতে যাওয়ার পরও সেই চাহিদায় কোনও খামতি পড়েনি। অনেকেই অনলাইনে চেষ্টা করেছেন, মাঠে এসে ঘুরে গিয়েছেন। সিএবিতে পরিচিতদের কাছে টিকিটের আবদার করেছেন ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের টিকিটের জন্য।
তবে রবিবাসরীয় ইডেন কেন কানায় কানায় পূর্ণ তার ব্যাখ্যা করেছেন সিএবি সভাপতি তথা কলকাতার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, বিরাট কোহলি অসাধারণ খেলছে। যেকোনও ফর্ম্যাটেই এত আগ্রাসন ও লড়িয়ে মানসিকতা বিরাট দেখিয়েছে যার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। না হলে ইডেনে সিরিজের শেষ ম্যাচ। ভারত ইতিমধ্যে সিরিজ জিতে গিয়েছে। তা সত্ত্বেও যে উন্মাদনা তৈরি হয়েছে, এবং গ্যালারি ভরে গিয়েছে তা এককথায় অবিশ্বাস্য।
তিনি বলেছেন, আমি তুলনায় বিশ্বাস করি না। তবে বিরাটের নেতৃত্বে ভারত অসাধারণ খেলছে। ভারত অধিনায়ক নিজে সমস্তকিছুকে ছাপিয়ে যাচ্ছেন। সৌরভের দাবি, শুধুমাত্র বিরাটের খেলা নিজের চোখে দেখতে চান বলে অনেকেই তার কাছে টিকিটের অনুরোধ করেছেন। সকলেই চাইছেন ইডেনে যখন ম্যাচ তখন সামনে থেকে ভারত অধিনায়কের খেলা দেখতে। আর তাই নিয়মরক্ষার ম্যাচেও ইডেন 'ফুল হাউস'।












Click it and Unblock the Notifications