IND vs ENG: কোহলির খেলা নিয়ে পাওয়া গেল বিরাট আপডেট, রাজকোটে দলে ফিরতে পারেন কোন ক্রিকেটাররা?
ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের মধ্যেই বিরাট কোহলিকে নিয়ে ধোঁয়াশা ক্রমশ ঘনীভূত হচ্ছ। ব্যক্তিগত কারণে প্রথম দুটি টেস্ট ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কিং কোহলি। সিরিজের বাকি ম্যাচগুলিতে খেলবেন কিনা তা নিয়ে জল্পনা অব্যাহত। এরইমধ্যে কোহলিকে নিয়ে পাওয়া গেল বিরাট আপডেট।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান রাজকোট এবং রাঁচিতে অনুষ্ঠিত যথাক্রমে তৃতীয় ও চতুর্থ টেস্ট ম্যাচও সম্ভবত খেলবেন না। ধর্মশালায় পঞ্চম টেস্টের জন্য কোহলি দলে ফিরতে পারেন। যে টেস্টটি ৬ মার্চ থেকে শুরু হবে।

কেন খেলছেন না কোহলি, তা নিয়েও শুরু হয় প্রবল চর্চা। বিরাটের ব্যক্তিগত কারণ নিয়ে চর্চা না করে, এই সময় সেটাকে সম্মান করার জন্য ফ্যান এবং মিডিয়ার কাছে আর্জি জানিয়েছে বোর্ড। বিসিসিআইয়ের বার্তা, সমর্থকদের একমাত্র ফোকাস ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে সমর্থন করায় থাকা উচিত।
চোটের কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচে খেলতে পারেননি রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুল। কেএল রাহুল, যিনি কোয়াড স্ট্রেনের জন্য ছিটকে গিয়েছিলেন। এবং জাদেজা প্রথম টেস্টের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। তিনি এখন বেঙ্গালুরুর এনসিএ-তে পর্যবেক্ষণে রয়েছেন।তাঁর চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা করছে টিম ম্যানেজমেন্ট।
বুধবার এনসিএ থেকে নিজের একটি ছবি শেয়ার করে জাডেজা লিখেছেন, 'সুস্থ হয়ে উঠছি।' ছবিতে দেখা যায় একটি বেডের মধ্যে পিঠে ঠেস দিয়ে পা ছড়িয়ে রয়েছেন জাডেজা। ফলে রাজকোটে ঘরের মাঠে জাড্ডুর খেলার সম্ভবনা কিন্তু থাকছে।
তবে রাজকোটে তৃতীয় টেস্টে দলে ফেরা নিশ্চিত মহম্মদ সিরাজের। প্রথম টেস্টের পরে দ্বিতীয় টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সিরাজের বদলে খেলেছিলেন মুকেশ কুমার। সিরাজের খেলার চাপ সামলাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।রাজকোটে আবার বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকে।
বিরাট খেলবেন কি না তা ঠিক ছিল না বলেই নাকি দল ঘোষণা করতে দেরি হচ্ছিল। এখন দেখার কখন পরের টেস্টগুলির দল ঘোষণা হয়।দুটি টেস্ট ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা হয়ে গিয়েছে ফল ১-১। তৃতীয় টেস্ট রাজকোটে। খেলা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। ২৩ ফেব্রুয়ারি থেকে চতুর্থ টেস্ট শুরু রাঁচীতে।












Click it and Unblock the Notifications