IND vs ENG: রশিদের 'প্রিয় খাদ্য' হয়ে উঠছেন বিরাট! বারবার স্পিনারের বলে আউট হয়েও কি শিক্ষা নেবেন না কোহলি?
IND vs ENG: বিরাট কোহলি কি নিজের ভুল থেকে শিক্ষা নেন? নাকি তারকাসুলভ মানসিকতা দেখিয়ে সে সবে পরোয়া করেন না। অন্তত আজকের আউট হওয়ার ধরন তো তাই বলছে।
কটকের পর আমেদাবাদেও বিরাট কোহলি ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদের বলে আউট হলেন। এদিনও তিনি ক্যাচ দিলেন উইকেটকিপার ফিল সল্টের হাতে।

বিরাট কোহলি আজ যেভাবে খেলছিলেন তাতে ভক্তরা প্রত্যাশা করছিলেন শতরানের। মঞ্চও প্রস্তুত ছিল। কটকের শতরানকারী রোহিত শর্মা এদিন দ্বিতীয় ওভারে, মার্ক উডের প্রথম বলেই আউট হন। ২ বলে ১ রান করে। রোহিতের ক্যাচ ধরেন উইকেটকিপার ফিল সল্ট।
ভারতের প্রথম উইকেট পড়ে ৬ রানে। এরপর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন বিরাট কোহলি ও শুভমান গিল। কোহলির ব্যাটে ধরা পড়ছিল আত্মবিশ্বাস। ১৪.২ ওভারে আদিল রশিদের বলেই কোহলির বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন ওঠে। সাড়া দেননি বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা।
ইংল্যান্ড রিভিউ নেয়। বিরাটকে এ যাত্রায় বাঁচিয়ে দেয় বল লেগ সাইডের সামান্য বাইরে পড়া। সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে কোহলি এদিন কেরিয়ারের ৭৩তম অর্ধশতরান পূর্ণ করেন। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫৪ রান করেছিলেন। তারপর এই প্রথম অর্ধশতরান পেলেন।
গত বছর শ্রীলঙ্কায় তিনটি একদিনের আন্তর্জাতিক খেলেছিলেন বিরাট। কলম্বোয় তিনটি ম্যাচে তাঁর রান ছিল যথাক্রমে ২৪, ১৪ ও ২০। এরপর কটকে করেন ৫। আজ আদিল রশিদের বলে কট বিহাইন্ড হলেন ৫৫ বলে ৫২ রান করে।
ফ্লাইটেড ডেলিভারি সামলাতে ফ্রন্টফুটে এসেছিলেন কোহলি। কিন্তু বল বিরাটের ব্যাট ছুঁয়ে জমা পড়ে সল্টের হাতে। এই নিয়ে টানা দুটি ওডিআইয়ে এবং একদিনের আন্তর্জাতিকে বিরাট পঞ্চমবার আদিল রশিদের বলে আউট হলেন। ২০১৮ সালে কোহলিকে দুরন্ত লেগ স্পিনে বোল্ড করেছিলেন রশিদ। এদিন বিরাট বোল্ড না হলেও সেই ডেলিভারির সঙ্গে তুলনা হচ্ছে আজকের বলটির।
আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটকে এই নিয়ে ১১ বার আউট করলেন আদিল রশিদ। এর আগে, নিউজিল্যান্ডের টিম সাউদি ৩৭ ম্যাচে এবং অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ২৯টি ম্যাচে বিরাটকে ১১ বার করে আউট করেছেন। বিরাট এদিন রশিদের একাদশ শিকার হলেন ৩৪টি ম্যাচ খেলে। আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের মঈন আলি ও জেমস অ্যান্ডারসনের শিকার বিরাট হয়েছেন ১০ বার করে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট ফর্মে ফিরলেন ঠিকই, কিন্তু তাঁকে এবার স্পিনারদের বিরুদ্ধে সাফল্যের রাস্তা খুঁজতে হবে। কেন না, দুবাইয়ে বিভিন্ন দলের স্পিনাররা বিরাটের দুর্বলতা কাজে লাগাতে চাইবেন। অভিজ্ঞ বিরাট নিশ্চয়ই স্পিনারদের বলে সাম্প্রতিকালে বেশ কয়েকবার আউটের রিপ্লে দেখে নিজের ত্রুটি শোধরানোর চেষ্টা চালাবেন।












Click it and Unblock the Notifications