IND vs ENG: হাঁটুতে সমস্যা রাত থেকেই, ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না বিরাট কোহলি
IND vs ENG: নাগপুরে প্রথম একদিনের আন্তর্জাতিক থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে উদ্বেগ ও হতাশা বাড়ালেন ভক্তদের।
আজ টসের কিছুক্ষণ আগেই জানা যায় হর্ষিত রানা ও যশস্বী জয়সওয়ালের অভিষেকের কথা। জয়সওয়াল কার জায়গায় খেলবেন তা নিয়ে জল্পনা শুরু হয়।

অধিনায়ক রোহিত শর্মা ভারতের প্রথম একাদশের কথা তুলে ধরার সময় জানান, বিরাট কোহলি আজকের ম্যাচে খেলবেন না। গতকাল রাত থেকে তাঁর হাঁটুতে সমস্যা হচ্ছে। ফলে যশস্বী জয়সওয়ালকে আজ খেলানো হচ্ছে।
বিরাট কোহলি অস্ট্রেলিয়া সিরিজে পারথ টেস্টের শতরান বাদ দিলে চূড়ান্ত ব্যর্থ। তার আগে নিউজিল্যান্ড সিরিজেও ছন্দে ছিলেন না। রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে খেলতে নেমেও প্রত্যাশা পূরণ করতে পারেননি।
আজ টসের আগে জামঠার ভিসিএ স্টেডিয়ামে দেখা যায় কোহলির ডান পায়ের হাঁটুতে ব্যান্ডেজ শক্ত করে বাঁধা আছে। আজকের ম্যাচে খেলার বিষয়টি নিশ্চিত হতে বিরাটকে ফিটনেস টেস্ট দিতে হয়। যদিও তাতে তিনি উত্তীর্ণ হতে পারেননি।
কোহলিকে অল্প দৌড়াতে এবং স্ট্রেচিং করতে দেখা যায়। এরপরই দূর থেকে বোঝা গিয়েছে, তিনি এক কোচিং স্টাফের কাছে নিজের ফিটনেস নিয়ে সংশয় প্রকাশ করছেন। খেলতে পারবেন কিনা সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারেননি। ডান হাঁটুর কাছটা ধরতেও দেখা গিয়েছে বিরাটকে।
চোটের কারণে বিরাট তিন বছর পর কোনও আন্তর্জাতিক ম্যাচ থেকে ছিটকে গেলেন। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে তিনি খেলতে পারেননি ব্যাক স্প্যাজমের কারণে। সাদা বলের ক্রিকেটে বিরাট ছন্দে ফিরবেন, এই আশা নিয়ে বুক বাঁধছিলেন ভক্তরা।
বিরাট বিশ্বের তৃতীয় তথা দ্রুততম ব্যাটার হিসেবে ওডিআইয়ে ১৪ হাজার রানের মাইলফলক ছোঁয়ার মুখে। দরকার ৯৪ রান। আরও বেশ কয়েকটি নজির গড়ার হাতছানিও রয়েছে কোহলির সামনে। কিন্তু সেই অপেক্ষা দীর্ঘায়িত হলো। বিরাটের হাঁটুর চোট কতটা গুরুতর সে বিষয়ে এখনও মেডিক্যাল রিপোর্ট দেয়নি বিসিসিআই। বিরাট নাগপুরে পুরোদস্তুর অনুশীলন করেছেন। নেটেও দারুণ ছন্দে দেখা গিয়েছে। কিন্তু শেষ অবধি চোটের কারণে আজকের ম্যাচ খেলতে পারলেন না। বাড়ালেন চিন্তা।












Click it and Unblock the Notifications