IND vs ENG: বিরাট কোহলির ব্যাটে রানের খরা অব্যাহত, কটকেও পেলেন না দুই অঙ্কের রান
IND vs ENG: মঞ্চ প্রস্তুত ছিল। ছিল ফর্মে ফেরার দারুণ সুযোগ। কিন্তু তা কাজে লাগাতে পারলেন না বিরাট কোহলি। কটকেও পেলেন না দুই অঙ্কের রান।
২০২৩ সালের বিশ্বকাপের পর আজ নিয়ে চতুর্থ একদিনের আন্তর্জাতিক খেললেন। বলের রং বদলাল। কিন্তু বদলাল না কোহলির অফ-ফর্মের ধারা।

ভারতের সামনে ৩০৫ রানের লক্ষ্যমাত্রা রেখেছে ইংল্যান্ড। রোহিত শর্মা ও শুভমান গিল ঝোড়োগতিতে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। শুরুতে আগ্রাসী ছিলেন রোহিত। পরে ছন্দে ফেরেন গিল। ওপেনিং জুটিতে ওঠে ১৬.৪ ওভারে ১৩৬ রান।
শুভমান গিল ৯টি চার ও একটি ছয়ের সাহায্যে ৫২ বলে ৬০ রান করে জেমি ওভার্টনের বলে বোল্ড হন। তারপরই দর্শকদের প্রতীক্ষার পালা শেষ। ব্যাট হাতে রোহিত শর্মার সঙ্গে যোগ দেন বিরাট কোহলি। ওভার্টনের বলগুলিকে সমঝেই খেললেন।
এরপর গাস অ্যাটকিনসনের বলে যে অন ড্রাইভ মারলেন তা ছিল চোখজুড়ানো। দর্শকরা যখন বিরাটের ব্যাটে বড় রানের প্রত্যাশায়, তখনই ছন্দপতন। আদিল রশিদের বলে বিরাটের বিরুদ্ধে প্রথমে কট বিহাইন্ডের জোরালো আবেদন ওঠে। স্টাম্প আউটেরও চেষ্টা করেন ফিল সল্ট।
আম্পায়ার সিএম ব্রাউন ইংল্যান্ডের আবেদনে সাড়া দেননি। রিভিউ নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তখনও বোঝা যায়নি এটি কট বিহাইন্ড, নাকি স্টাম্পিংয়ের আবেদন। রিপ্লেতে দেখা যায় বল বিরাটের ব্যাট ছুঁয়ে জমা পড়েছে সল্টের হাতে। যেটি দেখে বিরাটের অবাক হওয়ার অভিব্যক্তি ধরা পড়ে তাঁর চোখে-মুখে।
এই নিয়ে বিরাটকে ওডিআইয়ে তিনবার আউট করলেন রশিদ। আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বার। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলিকে টিম সাউদি ও জশ হ্যাজলউড ১১ বার করে এবং মঈন আলি ও জেমস অ্যান্ডারসন ১০ বার করে সাজঘরে ফিরিয়েছেন। সেই এলিট লিস্টে নাম লেখালেন রশিদ।
ভক্তদের হৃদয় ভেঙে কোহলি সাজঘরে ফেরেন ৮ বলে মাত্র ৫ রান করে। গত বছর শ্রীলঙ্কায় ওডিআই সিরিজে কোহলির রান ছিল যথাক্রমে ২৪, ১৪ ও ২০। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। কোহলির অফ-ফর্ম চিন্তা বাড়াল ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট শতরান বাদ দিলে ওই সিরিজের বাকি ইনিংসগুলিতে চূড়ান্ত ব্যর্থ হন কোহলি। রঞ্জি ট্রফিতে দিল্লির হয়ে নেমেও ছয় রানের বেশি করতে পারেননি। নাগপুর ওডিআইয়ে কোহলি খেলতে পারেননি হাঁটুর সমস্যার কারণে। আজ দলে এসেছিলেন যশস্বী জয়সওয়ালের জায়গায়। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ছন্দে ফিরতে কোহলির হাতে বাকি রইল বুধবারের শেষ একদিনের আন্তর্জাতিক।












Click it and Unblock the Notifications