IND vs ENG: বরুণ চক্রবর্তীর ওডিআই অভিষেকে নজির, খেলছেন বিরাট, টস জিতে ব্য়াটিং নিল ইংল্যান্ড
IND vs ENG: কটকে একদিনের আন্তর্জাতিকে অভিষেক বরুণ চক্রবর্তীর। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে তিনি ১৪ উইকেট নিয়ে সিরিজ-সেরা হয়েছিলেন।
বরুণের হাতে এদিন ওডিআই ক্যাপ তুলে দিলেন রবীন্দ্র জাদেজা। টস জিতে ব্যাটিং নিল ইংল্যান্ড। দুই দলে মোট পাঁচটি পরিবর্তন হয়েছে।

বরুণ ঘরোয়া ক্রিকেটে ২৩টি ৫০ ওভারের ম্যাচ খেলেছেন। ৫৯টি উইকেট রয়েছে। সেরা বোলিং ৯ রান খরচ করে পাঁচ উইকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণকে নেওয়া হবে কিনা তা স্পষ্ট নয়। তবে ওই দলে রদবদলের সময়সীমা শেষের আগে বরুণকে দেখে নেওয়া হচ্ছে ওডিআইয়ে।
ভারতের হয়ে সবচেয়ে বেশি বয়সে ওডিআই অভিষেক হয়েছিল ফারুক ইঞ্জিনিয়ারের। অভিষেকের দিনে তাঁর বয়স ছিল ৩৬ বছর ১৩৮ দিন। ইঞ্জিনিয়ারের পরেই জায়গা করে নিলেন বরুণ। আজ তাঁর বয়স ৩৩ বছর ১৬৪ দিন।
কটকের বরাবাটি স্টেডিয়ামে হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা। বাউন্ডারি ছোট। পিচের একদিকে ৬৩ মিটারের এবং অন্যদিকে ৬৪ মিটারের। স্ট্রেট বাউন্ডারি ৭৩ মিটারের। পিচ খুব শক্ত নয়। সামান্য ফাটল দেখা যাচ্ছে। তবে তা ব্যাটিং সহায়ক। যদিও পরের দিকে পিচ মন্থর হতে পারে বলে মনে করছেন দীপ দাশগুপ্ত।
ইংল্যান্ড দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। খেলছেন মার্ক উড, গাস অ্যাটকিনসন, জেমি ওভার্টন। রোহিত শর্মা জানান, ভারত এই ম্যাচে দুটি পরিবর্তন এনেছে। যশস্বী জয়সওয়ালের জায়গায় দলে ফিরলেন বিরাট কোহলি। কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়া হলো, অভিষেক বরুণের।
নাগপুরের একাদশ থেকে ইংল্যান্ডের যাঁরা বাদ পড়লেন তাঁরা হলেন জোফ্রা আর্চার, ব্রাইডন কার্স ও জেকব বেথেল। বেথেলের বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। তা গুরুতর বলেই মনে করা হচ্ছে। কেন না, কভার হিসেবে ডাকা হয়েছে টম ব্য়ান্টনকে।
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেন, উইকেট ধরে রাখাই লক্ষ্য। দীর্ঘ সময় খেলার পরিকল্পনা রয়েছে। বড় রান তুলে ভারতকে চাপে ফেলতে চাইছেন বাটলার। ভারত অধিনায়ক রোহিত মনে করছেন, কালো মাটির টিপিক্যাল পিচ, ভারতে যেমন হয়। কতটা পেস থাকবে সেটা ম্যাচ গড়ালেই বোঝা যাবে।
রোহিত দলের সামগ্রিক পারফরম্যান্সে খুশি। প্রথম ম্যাচে শ্রেয়স আইয়ার ও শুভমান গিল যেভাবে ঝোড়ো ব্যাটিং করেছেন তার প্রশংসাও করলেন। দলের এনার্জিও আত্মবিশ্বাসী রাখছে রোহিতকে।
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী।
ইংল্যান্ড- ফিল সল্ট (উইকেটকিপার), বেন ডাকেট, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জেমি ওভার্টন, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, মার্ক উড, সাকিব মাহমুদ।












Click it and Unblock the Notifications