IND vs ENG: রাঁচিতে ভারতের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে ইংল্যান্ড, একাদশে জোড়া পরিবর্তন
IND vs ENG: রাঁচির জেএসসিএ স্টেডিয়ামেকাল থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। রাঁচিতে যে দুটি টেস্ট খেলা হয়েছে তাতে ভারত কখনও হারেনি। একটি ড্র, সর্বশেষ টেস্টে ইনিংসে জয়।
রাঁচি টেস্ট ড্র রাখতে পারলে ভারত সিরিজ হারবে না সেটা নিশ্চিত হয়ে যাবে। বেন স্টোকসের অধিনায়কত্বে আবার কোনও টেস্ট সিরিজ হারেনি ইংল্যান্ড। সেই ধারা বজায় রাখতে বাকি দুটি টেস্টের একটিতে জিততেই হবে থ্রি লায়ন্সকে।

হায়দরাবাদ টেস্টে ইংল্যান্ড জিতেছিল। ভারত পূর্ণশক্তির দল না পেয়েও বিশাখাপত্তনম ও রাজকোট টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছে। কালও ভারতের একাদশে পরিবর্তন আসবেই। কেন না, জসপ্রীত বুমরাহকে এই টেস্টে বিশ্রাম দিয়েছে। ভারত টসের সময়ই একাদশ স্পষ্ট করে।
আজ প্রেস কনফারেন্সে পাঠানো হয়েছিল ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে। তবে ইংল্যান্ড চলতি সিরিজের ধারা মেনে টেস্টের আগের দিনই একাদশ ঘোষণা করে দিল। রাজকোট টেস্টের দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। চলতি সিরিজে একটিও টেস্টে না খেলা পেসার অলি রবিনসন একাদশে এলেন।
প্রথম দুটি টেস্টে ইংল্যান্ড নেমেছিল এক পেসারে। কিন্তু রাজকোট টেস্টে জেমস অ্যান্ডারসনের সঙ্গী হন মার্ক উড। চতুর্থ টেস্টে তাঁকে বাদ দেওয়া হলো। উডের স্থলাভিষিক্ত হলেন রবিনসন। তিনি ১৯টি টেস্ট খেলেছেন, ৭৬টি উইকেট রয়েছে। ইনিংসে চার উইকেট চারবার, পাঁচবার ইনিংসে তিন উইকেট দখল করেছেন।
গত বছর লিডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার টেস্ট খেলেছিলেন ইংল্যান্ডের পেসার রবিনসন। ভারতের বিরুদ্ধে রবিনসন ৪ টেস্টে ২১ উইকেট নিয়েছেন। ২০২১ সালে নটিংহ্যাম ও লিডস টেস্টে ভারতের বিরুদ্ধে তিনি ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। তবে ভারতে এই প্রথম টেস্ট খেলবেন।
শোয়েব বশিরের ভিসা সংক্রান্ত জটিলতার কারণে এ দেশে পৌঁছতে দেরি হয়েছিল। তিনি বিশাখাপত্তনম টেস্টে খেললেও বাদ পড়েছিলেন রাজকোট টেস্টে। বশিরকে দলে ফেরানো হলো। একমাত্র টেস্টে বশির চার উইকেট দখল করেছিলেন। সেরা বোলিং ১৩৮ রান খরচ করে তিন উইকেট।
এই টেস্টে বোলিং করতে পারেন বেন স্টোকস। মনে করা হচ্ছিল, ব্যাটিং গভীরতা বাড়াতে ড্যান লরেন্সকে খেলানো হতে পারে। লরেন্স অফ-স্পিন বোলিং করতে পারেন। কিন্তু বিশেষজ্ঞ স্পিনারকে রেখেই দল সাজানো হলো। সেই সঙ্গে দলে রাখা হলো দুই পেসার।
রাঁচি টেস্টে ইংল্যান্ড দল- জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, টম হার্টলি, অলি রবিনসন, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির।












Click it and Unblock the Notifications