IND vs ENG: জার্সি নম্বরের সঙ্গে রানের মিল! নজরে আনলেন সূর্য, গম্ভীর-মন্ত্রে তিলক যেন ফিনিশার ধোনি
IND vs ENG: চেন্নাইয়ে তিলক বর্মার সঙ্গে তুলনা হলো মহেন্দ্র সিং ধোনির। দলের বিপর্যয় সামাল দিয়ে ঠান্ডা মাথায় ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকে ভারতকে জেতানোয়।
তিলকের আগ্রাসী, সেই সঙ্গে দায়িত্বশীল ব্যাটিং নজর কাড়ল সকলের। যা সকলের কাছে শিক্ষণীয়, জানাতে ভোলেননি অধিনায়ক সূর্যকুমার যাদব।

টেল এন্ডারদের নিয়ে ম্যাচ জেতানো তিলকেরও আত্মবিশ্বাস বাড়াল। তিলক বিসিসিআইকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, দক্ষিণ আফ্রিকা সফরের আগে অবধি ম্যাচ ফিনিশ করতে পারছিলাম না। এখন সেটা সম্ভব হওয়ায় তৃপ্তি পাচ্ছি।
রবি বিষ্ণোইকে তিলক বলেছিলেন, উইকেট আগলে রাখতে। বাকিটা তিনিই দেখে নেবেন। কিন্তু বিষ্ণোইও নিজের ব্যাটিং উন্নত করতে ঘাম ঝরাচ্ছেন। গতকাল তিনি দুটি চার মারায় কাজটা সহজ হয়ে যায় বলে মেনে নিয়েছেন তিলক। ব্যাট হাতে দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি বিষ্ণোইও।
তিলক গতকাল ৫৫ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেছেন। দলকে জেতালেন। পরিস্থিতি অনুধাবন করে সেইমতো খেলা চালিয়ে যাওয়ার যে পরামর্শ হেড কোচ গৌতম গম্ভীর দিয়েছিলেন তা মেনে চলেছেন। দলকে জিতিয়ে পেলেন ম্যাচের সেরার পুরস্কারও।
তিলক গতকাল অপরাজিত ছিলেন ৭২ রানে। তাঁর জার্সি নম্বরও ৭২। বিষয়টি নজরে আনেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তিলক ভগবানের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন।
ইডেনে তিলক নেমেছিলেন চারে। চেন্নাইয়ে তিনে। দক্ষিণ আফ্রিকায় সূর্যর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন তিন নম্বর জায়গাটি। পরপর দুটি অপরাজিত শতরানও হাঁকান। টি২০ আন্তর্জাতিকে তিলক তিনে নেমে ১১টি ম্যাচে ৪১৯ রান করেছেন, ২টি করে সেঞ্চুরি ও হাফ সে়ঞ্চুরি রয়েছে। গড় ৬৯.৮৩, স্ট্রাইক রেট ১৭১.০২।
চারে নেমে তিলক টি২০ আন্তর্জাতিকে ৭ ইনিংসে ২৩৮ রান করেছেন। গড় ৪৭.৬০, স্ট্রাইক রেট ১৩৮,৩৭। তিলক বলেন, আমি যে কোনও জায়গায় খেলতে তৈরি। আইপিএলে বিভিন্ন পজিশনে খেলেছি। ভারতীয় দলেও।
উল্লেখ্য, ২০২৩ সালে তিলক৭টি টি২০ আন্তর্জাতিকে তিনে নেমেছিলেন। তাতে রান ছিল যথাক্রমে অপরাজিত ৭, ০, ১, ২, অপরাজিত ৫৫, ২৯ ও ০। গত বছর জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে তিনে নেমে ২৬ রান করেন।
গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম দুটি ম্যাচে চারে নেমে ৩৩ ও ২০ রান করেছিলেন। তারপরই সূর্যকে অনুরোধ করেন তাঁকে তিনে নামানোর জন্য। সূর্য সেই আবদার মানতেই তিলক তিনে নেমে অপরাজিত ১০৭ ও অপরাজিত ১২০ করেন। গতকাল তিনে নেমে করেন অপরাজিত ৭২।
তিলকের কথায়, আমি তিনে খেলার পাশাপাশি ৪ থেকে ছয় নম্বর অবধি ব্যাটিং করেছি। ফলে জানি ওই পজিশনগুলিতে কীভাবে মানিয়ে নিয়ে খেলতে হয়। তবে আমি তিনে খেলতেই পছন্দ করি। যদিও ফ্লেক্সিবল। আমি যে কোনও জায়গায় ব্যাট করতে পারি। দলের যা প্রয়োজন, সেইমতো খেলতে প্রস্তুত।
তিলক গতকালের ইনিংস নিয়ে বলেন, নিজেকে বলেছিলাম যা হোক না কেন, শেষ অবধি থাকব। ম্যাচ ফিনিশ করাই লক্ষ্য ছিল। কোচ গৌতম গম্ভীর বলেছিলেন দলের প্রয়োজন মতো ৬, ৭ বা ১০-এর মতো আস্কিং রেট অনুযায়ী পরিস্থিতি বুঝে খেলতে। এমনকী চেন্নাইয়েও জলপানের বিরতিতে গম্ভীর বলেন, দুই ধরনের ব্যাটিংই যে করতে পারি তা দেখানোর বড় সুযোগ রয়েছে। সেটা শেষ অবধি হওয়ায় ভালো লাগছে।












Click it and Unblock the Notifications