IND vs ENG: ভারতীয় ক্রিকেটে গাভাসকর চান কোন পরিবর্তন? রোহিতের 'খিদে' তত্ত্বকেও সমর্থন
IND vs ENG: ভারতীয় টেস্ট দলে সুযোগের ক্ষেত্রে ক্রিকেটারদের খিদেকে প্রাধান্য দেওয়ার যে কথা রোহিত শর্মা বলেছেন, তাতে পূর্ণ সমর্থন জানালেন সুনীল গাভাসকর।
একইসঙ্গে তিনি ভারতীয় ক্রিকেটে উল্লেখযোগ্য পরিবর্তন আনার পক্ষেও জোরালো সওয়াল করেছেন। বল এখন বিসিসিআইয়ের কোর্টে।

গাভাসকর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, বিসিসিআইয়ের উচিত রঞ্জি ট্রফি অক্টোবরে শুরু করে ডিসেম্বরের মধ্যে শেষ করে দেওয়া। এরপর বিজয় হাজারে ট্রফি, সৈয়দ মুস্তাক আলি টি২০-র মতো সাদা বলের টুর্নামেন্ট হোক। এতে ক্রিকেটাররা আইপিএলের আগে টি২০ ফরম্যাটে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ পাবেন।
ভারতের ক্রিকেট ক্যালেন্ডারে বদলের পক্ষে সওয়াল করে সানি আরও বলেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ভারতীয় দল দেশে, নয়তো বিদেশে টেস্ট সিরিজ খেলে। ফলে যদি রঞ্জি ট্রফি ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যায় তাহলে তরুণ ক্রিকেটাররা টেস্ট খেলার জন্য প্রস্তুত থাকবেন।
রাঁচি টেস্টে জেতার পর রোহিত সাফ জানিয়ে দেন, টেস্ট ক্রিকেটের সবচেয়ে কঠিন ফরম্যাটে। সেখানে খেলে সাফল্য পাওয়ার খিদে যাঁদের নেই তাঁদের খেলানোর কোনও অর্থ নেই। যাঁরা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে জেতানোর জন্য নিজেদের সেরাটা দিচ্ছেন, তাঁদেরই প্রাধান্য দেওয়া হবে।
রোহিতের তির ঈশান কিষাণ বা শ্রেয়স আইয়ারদের দিকেই বলে মনে করা হচ্ছে। যদিও তিনি সরাসরি কারও নাম বলেননি। গাভাসকর এ প্রসঙ্গে বলেন, রোহিত সঠিক কথাই বলেছেন। যাঁরা টেস্ট ক্রিকেট খেলতে চান, তাঁদেরই সুযোগ দেওয়া উচিত। মনে রাখতে হবে, ভারতীয় ক্রিকেট আছে বলেই কিন্তু ক্রিকেটারদের পরিচিতি।
সানির কথায়, ক্রিকেটারদের জীবন বা কেরিয়ার যেখানে দাঁড়িয়ে তা ভারতীয় ক্রিকেটের জন্যই। যে অর্থ, খ্যাতি, স্বীকৃতি তাঁরা পেয়েছেন তার ভিত্তি ভারতীয় ক্রিকেট। ফলে দেশের ক্রিকেটের প্রতি তাঁদের বিশ্বস্ততা, দায়বদ্ধতা দেখানো জরুরি। যাঁরা তা করবেন না, তাঁদের জন্য রোহিতের বক্তব্য একদম খাঁটি।
সুনীল গাভাসকর বলেন, যে কোনও কারণেই দেশের ক্রিকেটের প্রতি বিশ্বস্ততা যাঁরা দেখাচ্ছেন না, এই ফরম্যাটে খেলব না, ওই ফরম্যাটে খেলব বলে চলেছেন, সেক্ষেত্রে রোহিত সঠিকভাবেই বলেছেন, যাঁরা নিজেদের সেরাটা দিতে প্রস্তুত, তাঁদেরই অগ্রাধিকার দেওয়া হবে।
নির্বাচকরাও রোহিতের অবস্থান মেনে চললে তা যে আখেরে ভারতীয় ক্রিকেটের পক্ষে মঙ্গল, সেটাই স্পষ্ট করে দিয়েছেন সানি। তাঁর কথায়, প্রায়ই দেখি অনেক ক্রিকেটার পছন্দ অনুযায়ী ফরম্যাট বা সিরিজে খেলতে চান। এটা হতে দেওয়া যায় না।












Click it and Unblock the Notifications