IND vs ENG: যশস্বী-সরফরাজদের প্রশংসা সৌরভের, রাজকোটে রাজকীয় জয়ে পয়েন্ট তালিকায় উন্নতি রোহিতদের
রাজকোট টেস্টে রাজকীয়ভাবেই জয় পেয়েছে ভারত। ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ফলে এগিয়ে গিয়েছে ভারত। সেইসঙ্গে টিম ইন্ডিয়ার বাড়তি পাওনাস তরুণ যশস্বী জয়সওয়াল ও অভিষেক হওয়ার সরফরাজ খানের পারফরম্যান্স।
ভারতীয় ব্যাটিংয়ের দ্বিতীয় ইনিংসে রাজ করলেন যশস্বী। তরুণ এই ব্যাটার অপরাজিত থাকলেন ২১৪ রানে। সরফরাজ খান ৭২ বলে ৬৮ রান করলেন। ভারতীয় দলের পারফরম্যান্সের তারিফ করার পাশাপাশি এই দুই ক্রিকেটারের জন্য আলাদা প্রশংসা শোনা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলায়।

অন্যদিকে সরফরাজ খান প্রসঙ্গে সৌরভ বলেন, 'দারুণ ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেছে। টেস্টেও শুরুটা ভালোভাবেই করল। খুব ভালো ক্রিকেটার। তবে ভারতের বাইরেও রান করতে হবে।'
ইংল্যান্ডের বাজবল ক্রিকেট প্রসঙ্গে সৌরভ বলেন, 'বাজবল, বাজবলের মতোই খেলেছে। কিন্তু ভারত ইংল্যান্ডের থেকে বেশি ভালো খেলেছে। ইংল্যান্ডের এই সিরিজে ফিরে আসা কঠিন। কারণ ভারতের মাটিতে ভারতকে হারানো খুবই শক্ত।'
একইসঙ্গে সৌরভ বলেন, 'তরুণদের নিয়েই এই দল গঠিত। কোহলি নেই, রাহুল নেই। ফলে তরুণরাই তো খেলছে এবং খেলবেও।’
এই ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও উন্নতি করল ভারত। রাজকোট টেস্টের আগে তৃতীয় স্থানে ছিল ভারত। জিতে রোহিতরা উঠে এসেছে দুইয়ে।এই সার্কেলের সাতটি টেস্ট খেলে এই নিয়ে চারটি টেস্ট জিতল তারা। ২টি টেস্টে হেরেছে। একটি টেস্ট ড্র হয়েছে। পাশাপাশি মন্থর ওভার রেটের কারণে দু'টি পয়েন্ট কাটা গিয়েছে। ফলে ভারতের পয়েন্ট এখন ৫০। তবে পয়েন্ট শতাংশ ৫৯.৫২। তাই অস্ট্রেলিয়াকে টপকে তারা উঠে এসেছে দ্বিতীয় স্থানে।
অন্যদিকে নিজের পারফরম্যান্স প্রসঙ্গে যশস্বী জয়সওয়াল বলেছেন, 'প্রথম ইনিংসে রোহিত ও জাদেজা ভাই যে ভাবে ব্যাট করেছে, সেটাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। টেস্ট ক্রিকেট মানে যে সেশনের খেলা, অল্প সময়েই সেটা উপলব্ধি করতে পেরেছেন। এই ইনিংসে শুরুটা সতর্ক করেছিলাম। মনে হয়েছিল, পিচে বোলারদের জন্য কিছুটা সহায়তা রয়েছে। আমার দায়িত্ব দলকে একটা ভালো স্টার্ট দেওয়া। সে কারণেই ক্রিজে পড়ে থাকতে চেয়েছিলাম।'
অনিল কুম্বলে যশস্বীকে বলেন, "আমি তোমাকে তোমার হাতে বল ঘোরাতে দেখেছি। একজন ভালো লেগ স্পিনার হওয়ার জন্য কখনও হাল ছাড়বে না।" এর উত্তরে যশস্বী বলেন, "কখনই না স্যার। আমি সবসময় লেগ স্পিন অনুশীলন চালিয়ে যাবো।"
এই ম্যাচের টার্নিং পয়েন্ট প্রসঙ্গে রোহিত বলেছেন, 'টসে জেতার পরেই কিছুটা এগিয়ে গিয়েছিলাম আমরা। জানতাম ভাল রান তুলতে পারলে সেটা আমাদের পক্ষে যাবে। পাশাপাশি, যে লিড পেয়েছিলাম সেটাও গুরুত্বপূর্ণ ছিল। ইংল্যান্ডের ব্যাটারদের দাপটের পর যে ভাবে ম্যাচে ফিরে এলাম সেটাও মনে রাখার মতো। শান্ত থাকার দরকার ছিল।'
একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, টেস্ট ম্যাচ মানে ২ বা ৩ দিনের খেলা নয়, পাঁচ দিনের খেলা। তাই ক্রিকেটারদের শান্ত থাকতে বলেছিলাম।'












Click it and Unblock the Notifications