IND vs ENG: ভারতীয় দল মিনি হাসপাতাল! শ্রেয়স টেস্ট সিরিজ থেকেই ছিটকে যাওয়ার মুখে, ভাগ্যোদয় কার?
IND vs ENG: ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ আপাতত ১-১। রাজকোটে তৃতীয় টেস্ট শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। কিন্তু এখনও পর্যন্ত রাজকোট-সহ বাকি তিনটি টেস্টের দল ঘোষণাই করতে পারলেন না নির্বাচকরা!
তারই মধ্যে ভারতীয় দল মিনি হাসপাতালের আকার নিচ্ছে। দীর্ঘায়িত হচ্ছে চোটের তালিকা। শ্রেয়স আইয়ার এবার রাজকোট টেস্ট থেকে ছিটকে যাওয়ার মুখে।

বিশাখাপত্তনম থেকে ভারতীয় ক্রিকেটারদের ক্রিকেটীয় সরঞ্জাম পাঠানো হয়েছে রাজকোটে। কিন্তু শ্রেয়স আইয়ারের কিট রাজকোটে যায়নি, তা পাঠানো হয়েছে মুম্বইয়ে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ, শ্রেয়সের পিঠে যেমন আড়ষ্টভাব রয়েছে, তেমনই কুঁচকিতেও যন্ত্রণা অনুভব করছেন।
সামনে পা বাড়িয়ে রক্ষণাত্মক শট খেলতে গেলেও শ্রেয়সের সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। এই ধরনের চোটের ফলে শ্রেয়স শুধু রাজকোট টেস্ট নয়, চলতি সিরিজেই আর খেলতে পারবেন কিনা তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। আজই অজিত আগরকরের-নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী ভারতের দল ঘোষণা করতে পারে।
সূত্রের খবর, শ্রেয়সকে আপাতত বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে পাঠানো হবে। ইতিমধ্যেই এনসিএ থেকে শ্রেয়সের ফিটনেস নিয়ে বিসিসিআইয়ের কাছে রিপোর্ট পৌঁছে গিয়েছে। গত বছর পিঠে অস্ত্রোপচার হয়েছিল শ্রেয়সের। খেলতে পারেননি আইপিএল। তবে এবার ফের ফিটনেস নিয়ে সমস্যায় পড়লেও শ্রেয়স আইপিএল খেলার বিষয়ে আশাবাদী।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে সূত্র উল্লেখ করে লেখা হয়েছে, শ্রেয়স ভারতের টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন ৩০টির বেশি বল খেললেও তাঁর পিঠে অস্বস্তি ও আড়ষ্টতা বোধ করছেন। ফরওয়ার্ড ডিফেন্স করতে গেলে কুঁচকিতেও যন্ত্রণা হচ্ছে। গত বছর অপারেশনের পর এই প্রথম এমন সমস্যা হচ্ছে শ্রেয়সের।
জানা যাচ্ছে, শ্রেয়সকে ইতিমধ্যেই কয়েক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তাতেই তাঁর চলতি সিরিজে খেলার সম্ভাবনা নেই বললেই চলে। এনসিএতেও যেতে হবে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ককে। শ্রেয়স ছিটকে গেলে তাঁর জায়গায় নির্বাচকরা কাকে সুযোগ দেন সেটা দেখার।
শ্রেয়স আইয়ার টেস্টে সাম্প্রতিককালে ছন্দেও নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি একটিও অর্ধশতরান পাননি। ফলে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুলরা ফিরলে শ্রেয়স জায়গা ধরে রাখতে পারবেন কিনা সেটাই লাখ টাকার প্রশ্ন। তার উপর তাঁর চোট প্রবণতাও বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। হায়দরাবাদ টেস্টে শ্রেয়স ৩৫ ও ১৩ রান করেন। বিশাখাপত্তনমে করেন ২৭ ও ২৯।
রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুলও চোটের কারণে বাইরে রয়েছেন। জাদেজার তৃতীয় টেস্টে খেলার সম্ভাবনা কার্যত নেই। তবে রাহুল দলে ফিরতে পারেন। এমনিতে রজত পাটীদারের অভিষেক হয়েছে। সরফরাজ খান রয়েছেন টেস্ট অভিষেকের অপেক্ষায়। রাজকোটে নিরঞ্জন শাহের নামাঙ্কিত স্টেডিয়ামে মুম্বইয়ের শ্রেয়সের পরিবর্তে মুম্বইয়েরই সরফরাজ একাদশে আসতে পারেন বলে চর্চা চলছে।












Click it and Unblock the Notifications