IND vs ENG: ইংল্যান্ডের কোন ক্রিকেটার হিন্দি জানেন? সরফরাজের সঙ্গে কথোপকথন ভাইরাল
IND vs ENG: রাঁচি টেস্টে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরাল শোয়েব বশিরের স্পিন।। শুভমান গিল, রজত পাটীদার ও রবীন্দ্র জাদেজার উইকেট তিনি তুলে নিয়েছেন।
ইংল্যান্ডের ৩৫৩ রানের জবাবে চা বিরতিতে ভারতের স্কোর ৩৮ ওভারে ৪ উইকেটে ১৩১ রান। যশস্বী জয়সওয়াল অর্ধশতরান হাঁকিয়ে সরফরাজ খানকে নিয়ে ক্রিজে রয়েছেন।

আজ টেস্টের দ্বিতীয় দিনে প্রথম সেশনে সরফরাজ খানের সঙ্গে শোয়েব বশিরের সংক্ষিপ্ত কথোপকথন ভাইরাল হয়ে গিয়েছে। ১০৩তম ওভারের প্রথম বলে অলি রবিনসনের উইকেটটি তুলে নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। ব্যাট করতে নামেন শোয়েব বশির। তবে ২ বলের বেশি টেকেননি।
বশির খেলতে নামার সময় সরফরাজ খান তাঁর কাছে এসে সতীর্থদের উদ্দেশে বলেন, "ও তো জানে কীভাবে খেলতে হয়। ও হিন্দিও ভালোই জানে।" তখন পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শোয়েব বশির হেসে বলেন, ভালো না জানলেও অল্প অল্প জানি। বশির ২ বলে ০ রান করে জাদেজার শিকার হন।
ভারতীয় ফিল্ডাররা হিন্দিতে নিজেদের মধ্যে কথা বলেন। অনেক সময় বোলারদেরও হিন্দিতে বলা হয় কোন কৌশল অবলম্বন করতে হবে প্রতিপক্ষের ব্যাটারকে আউট করতে। কিন্তু যেহেতু বশির হিন্দি জানেন, তাই সতীর্থরা যাতে হিন্দিতে কিছু না বলেন, সেটাই সম্ভবত সতর্ক করতে চেয়েছিলেন সরফরাজ।
Sarfaraz - isko to Hindi nahi aati hain
— Vector Bhai (@Vectorism_) February 24, 2024
Shoaib - Aati hai thodi thodipic.twitter.com/DJ7ZWGS5Jf
মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ১০ ওভারে ১ উইকেটে ৩৪। রোহিত শর্মা ৯ বলে ২ রান করে জেমস অ্যান্ডারসনের শিকার হন। ২.৪ ওভারে ভারতের ওপেনিং জুটি ভাঙে। এরপর ৮২ রানের পার্টনারশিপ গড়েন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। এই জুটি ভাঙেন বশির। দ্বিতীয় সেশনে তিনিই তিনটি উইকেট পেয়েছেন।
শুভমান গিল ৬৫ বলে ৩৮ রান করে বশিরের বলে লেগ বিফোর হন। রিভিউ নিয়েও রক্ষা পাননি। রজত পাটীদার ফের ব্যর্থ। তিনিও লেগ বিফোর, বশিরের শিকার। রিভিউ নেন, আম্পায়ারস কল হওয়ায় তাঁকে সাজঘরে ফিরতে হয় ৪২ বলে ১৭ রান করে। রবীন্দ্র জাদেজা ১২ বলে ১২ রান করে বশিরের বলে অলি পোপের হাতে ক্যাচ দেন।
যশস্বী জয়সওয়াল অবশ্য দুরন্ত ছন্দে রয়েছেন। টানা তিনটি টেস্টে শতরানের হাতছানি তাঁর সামনে। যশস্বীর বিরুদ্ধে আবেদন নিয়ে ইংল্যান্ডের স্পোর্টসম্যানশিপ নিয়েও প্রশ্ন উঠেছে। ভারতীয় ইনিংসের ২০তম ওভারে অলি রবিনসনের শেষ বলে যশস্বী খোঁচা দিয়েছিলেন। ক্যাচের আবেদন করেন উইকেটকিপার বেন ফোকস।
— Nihari Korma (@NihariVsKorma) February 24, 2024
যদিও রিপ্লেতে দেখা যায় বল ফোকসের হাতে জমা পড়ার আগে মাটি ছুঁয়েছিল। জো রুট নিশ্চিত ছিলেন আউট বলে। ফোকস নিশ্চিত ছিলেন না। ইংল্যান্ড জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখে সেলিব্রেশনেও মেতেছিল। কিন্তু তৃতীয় আম্পায়ার নট আউট জানাতেই বিস্ময়ে দুই হাত দিয়ে মুখ চাপা দেন স্টোকস।
ফোকস কিন্তু নিজে থেকে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হওয়ার কথা বলেননি। যেটা এদিনই সকালে করেছিলেন রোহিত। কুলদীপ যাদবের বলে রুটের একটি ক্যাচ গিয়েছিল রোহিতের কাছে। ভারত অধিনায়ক বলটি ধরার পর নিশ্চিত ছিলেন না এটি ক্যাচ কিনা সে ব্যাপারে। তিনি উঠে দাঁড়িয়ে আম্পায়ারকে ইশারা করেন তৃতীয় আম্পায়ারের কাছে বিষয়টি পাঠাতে। তিনি ইংল্যান্ডের ক্রিকেটারদের মতো সেলিব্রেশনে মাতেননি। এতেই স্পষ্ট দুই দলের খেলোয়াড়সুলভ মানসিকতার তফাত।












Click it and Unblock the Notifications